ছাতকে ১৫ প্রার্থীকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ছাতক উপজেলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ১৫ জন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীকে দুই লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক বিশ্বজিৎ কুমার পাল এই জরিমানা করেন।
এই উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভ্রাম্যমাণ আদালতসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ছয়জন চেয়ারম্যান পদপ্রার্থীকে ২০ হাজার টাকা করে এবং নয়জন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। চেয়ারম্যান পদপ্রার্থীরা হলেন আওয়ামী লীগের অলিউর রহমান, আওলাদ আলী, গিয়াস উদ্দিন, বিএনপির নিজাম উদ্দিন, রূপা রাজা চৌধুরী ও জামায়াতের রেজাউল করিম। ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে আছেন আওয়ামী লীগের আবু সাদাত, গয়াছ মিয়া, মাহফুজুর রহমান, ফরহাদ আহমদ মিসবাহ, শাহাব উদ্দিন, বিএনপির ইমরান আহমদ ও আবদুল জলিল। এ ছাড়া দুই নারী ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী নাছিমা আক্তার খান ও শাহেরা বেগমকেও জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক বিশ্বজিৎ কুমার পাল জানান, এসব প্রার্থী দেয়ালে, বৈদ্যুতিক খুঁটিতে, গাছে পোস্টার-ব্যানার সাঁটিয়েছেন। এ ছাড়া বিভিন্ন যানবাহনে প্রতীকসহ স্টিকার লাগিয়েছেন, যা নির্বাচনের আচরণবিধির লঙ্ঘন।