ছাতকের চুন ব্যবসায় ধস
সুনামগঞ্জের ছাতকে চুন তৈরির কারখানাগুলো একে একে বন্ধ হয়ে যাওয়ায় বেকার হয়ে পড়ছে প্রায় ২৫ হাজার শ্রমিক। গত দুই মাসে ২১টি কারখানার মধ্যে সাতটি বন্ধ হয়ে গেছে। কারখানা বন্ধ হয়ে যাওয়ায় মালিক-শ্রমিকদের সঙ্গে বিপাকে পড়েছেন চুন আমদানিকারকেরাও। ছাতকের চুন ব্যবসায়ীদের অভিযোগ, ব্রাহ্মণবাড়িয়ায় বাখরাবাদ গ্যাসক্ষেত্র এলাকায় কিছু লোক অবৈধভাবে ‘পকেট গ্যাস’ ব্যবহার করে চুন পোড়ানো শুরু করেছে। যেহেতু গ্যাস বিল দিতে হয় না, তাই তারা কম দামে চুন বিক্রি করছে। এ কারণে ছাতকের ব্যবসায়ীরা তাদের সঙ্গে পাল্লা দিয়ে ব্যবসা টিকিয়ে রাখতে পারছে না। ছাতক থেকে প্রতিমাসে ৮০ হাজার মণ চুন সারা দেশে সরবরাহ করা হতো, এখন সেটা অর্ধেকে নেমে এসেছে।এ ব্যাপারে বাখরাবাদ গ্যাসের ব্রাহ্মণবাড়িয়ার ব্যবস্থাপক প্রথম আলোকে বলেছেন, অবৈধভাবে গ্যাস নিয়ে চুন পোড়ানোর দায়ে সরাইলের একটি প্রতিষ্ঠান বন্ধ করে তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। বাকাইল এলাকায় অবৈধভাবে গ্যাস দিয়ে চুন পোড়ানো হচ্ছে—এ রকমটা তাঁদের জানা নেই।ছাতকের ব্যবসায়ীরা জানান, ছাতকে ব্রিটিশ আমল থেকে এই চুন ব্যবসা চলছে। প্রথমে খাগড়ার নল দিয়ে চুন পোড়ানো হতো, এখন গ্যাস দিয়ে পোড়ানো হচ্ছে। এই চুন ভারত থেকে আমদানি করা হয়। এক সময় ছাতকের চুনই সারা দেশে সরবরাহ করা হতো। বর্তমানে ছাতকে ২১টি গ্যাসচালিত চুন তৈরির কারখানা রয়েছে। এসব চুন দেশের বিভিন্ন কেমিক্যাল ইন্ডাস্ট্রি, সাবান কারখানা, পানি শোধনাগার, ট্যানারিশিল্প, চিনিকলে ব্যবহার করা হয়। প্রতি মণ চুন পোড়াতে ব্যয় হয় ১২০ টাকার গ্যাস।ছাতকে গ্যাসচালিত চুন প্রস্তুতকারক সমিতির সভাপতি রাকিব মিয়া চৌধুরী বলেন, প্রতিটি কারখানায় গ্যাসসংযোগ নিতে তাঁরা সরকারকে ৪০ থেকে ৫০ লাখ টাকা জামানত দিয়েছেন। চুন আমদানি, পরিবহন, কারখানায় পোড়ানোসহ এর সঙ্গে জড়িত এলাকার প্রায় ২৫ হাজার শ্রমিক।ছাতক পৌরসভার সাবেক মেয়র ও ব্যবসায়ী আবদুল ওয়াহিদ মজনু বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে গ্যাস ব্যবহার করে চুন পোড়ানোয় ছাতকে চুন ব্যবসায় ধস নেমেছে। আমার নিজেরই একটি কারখানা বন্ধ করতে হয়েছে।’ আল আমিন লাইমসের মালিক মুইনুল ইসলাম বলেন, ‘আমরাই যেখানে ঠিকে থাকতে পারছি না। সেখানে শ্রমিকদের কথা কীভাবে চিন্তা করব। আগে যেখানে পুরো মাসই চুন পোড়ানো হতো, এখন গত দুই মাসে আমার কারখানায় মাত্র তিন দিন কাজ হয়েছে।’ স্থানীয় সাংসদ মুহিবুর রহমান মানিক বলেন, ‘ব্যবসায়ীরা আমাকে বিষয়টি জানিয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে গড়ে ওঠা কারখানার কারণে ছাতকের ব্যবসায়ী ও শ্রমিকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিষয়টি সরকারের ঊর্ধ্বতন মহলকে আমি জানাব।’বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেড ব্রাহ্মণবাড়িয়ার ব্যবস্থাপক প্রকৌশলী আজহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এলাকায় কিছু জায়গায় “পকেট গ্যাস” রয়েছে। স্থানীয় লোকজন সেটা নলকূপের পাইপ দিয়ে নিয়ে রান্নাসহ গৃহস্থালির কাজে ব্যবহার করেন। এটা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তবে এই গ্যাস দিয়ে চুন পোড়ানোর মতো কাজ হবে বলে মনে হয় না। অভিযোগ পেলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব।’