সরকারি প্রকল্পের প্রায় সাড়ে নয় লাখ টাকা আত্মসাত্ করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সুনামগঞ্জের ছাতক উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজিত রায় ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এ কে এম নজরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা দুদক সিলেটের সহকারী পরিচালক মো. জাকির হোসেন গত রোববার সুনামগঞ্জের মুখ্য বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরের দিন সোমবার আদালত অভিযোগপত্রটি গ্রহণ করেন।সুজিত রায় বর্তমানে সিলেট জেলা পরিষদের সচিব পদে এবং পিআইও নজরুল ইসলাম সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় কর্মরত রয়েছেন। দুদক সূত্রে জানা গেছে, ওই দুই কর্মকর্তা ছাতকে কর্মরত থাকা অবস্থায় ২০১০-১১ অর্থবছরে সরকারের অতি দরিদ্রের জন্য কর্মসংস্থান কর্মসূচির (প্রথম পর্যায়) নয় লাখ ৬৫ হাজার টাকা আত্মাসত্ করেছেন বলে অভিযোগ উঠেছে। ২০১২ সালের ১৪ ফেব্রুয়ারি দুদক সিলেটের সহকারী পরিচালক মো. জাকির হোসেন বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে মামলা করেন। প্রায় এক বছর ধরে তদন্ত চলে। তদন্তে তাঁদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা মেলে।অভিযোগপত্রে বলা হয়, সোনালী ব্যাংকের ছাতক শাখায় পিআইওর চলতি হিসাব নম্বরে ১২টি চেকের মাধ্যমে প্রকল্পের মোট নয় লাখ ৬৫ হাজার টাকা আত্মসাত্ করা হয়। চেকগুলো ইউএনও ইস্যু করেন।