ছাতা মাথায়ক্লাসে
বিদ্যালয়ে একটি মাত্র ভবন। সেই ভবনের একটি কক্ষে ছিল কার্যালয়। বাকি তিনটি কক্ষে চলছিল পাঠদান। কিন্তু সাত মাস আগে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। এর পর থেকে বিদ্যালয়ের আঙ্গিনায় চলছে পাঠদান।এই অবস্থা মাগুরা সদর উপজেলার ছোটফালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের।
বরিশালের গৌরনদী উপজেলার লাখেরাজ কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দেওয়ায় খোলা আকাশের নিচে পাঠদান চলছে। রোদের প্রখরতা থেকে বাঁচতে শিক্ষার্থীরা ছাতা মাথায় ক্লাস করছে।
জানা যায়, ১৯৭২ সালে প্রতিষ্ঠিত ছোটফালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাকা ভবন নির্মাণ করা হয় ১৯৯৪ সালে। সম্প্রতি বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিদ্যালয় ভবনটির ছাদ থেকে শুরু করে প্রতিটি দেয়ালের পলেস্তারাই খসে পড়েছে।
বিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাত আরা জানায়, প্রতিদিন সকালে তারা বিদ্যালয়ে এসে পরিত্যক্ত বিদ্যালয় ভবন থেকে বেঞ্চ টেনে বিদ্যালয়ের আঙ্গিনায় আমতলায় আনে। বিকেলে বেঞ্চগুলো আবার ভবনের ভেতরে রেখে আসে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহানারা বেগম ও আমেনা খাতুন বলেন, বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে পরিত্যক্ত ভবনে দুটি ক্লাস নেওয়া হচ্ছে। তাঁরা বলেন, বর্ষায় আমতলায় ক্লাস নেওয়া কষ্টকর হয়ে পড়েছে।
জানা যায়, গত বছরের ১৪ অক্টোবর ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাপস কুমার অধিকারী (সম্প্রতি মাগুরা থেকে অন্যত্র বদলি হয়ে গেছেন) প্রথম আলোকে বলেন, নতুন ভবন নির্মাণের বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে সিদ্ধান্তের অপেক্ষায়। তিনি জানান, শিক্ষার্থীদের পাঠদানের কথা বিবেচনা করে আপাতত বিকল্প হিসেবে একটি টিনশেড ঘর নির্মাণের সিদ্ধান্ত হয়েছে।
এদিকে বরিশালের গৌরনদী উপজেলার লাখেরাজ কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দেওয়ায় প্রায় চার মাস ধরে খোলা আকাশের নিচে পাঠদান চলছে। রোদের প্রখরতা থেকে বাঁচতে শিক্ষার্থীরা ছাতা মাথায় ক্লাস করছে। প্রচণ্ড রোদের প্রখরতা সইতে না পেরে অনেক শিক্ষার্থী স্কুলে আসা বন্ধ করে দিয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কুতুব উদ্দিন জানান, ১৯৯৩ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) তিন কক্ষের একটি ভবন নির্মাণ করে। দুই বছর ধরে ভবনটি ব্যবহারের অনুপোযোগী হয়ে পড়েছে। কিন্তু বিকল্প শ্রেণীকক্ষ না থাকায় ঝুঁকি নিয়ে ক্লাস নেওয়া হতো। কিন্তু গত ফেব্রুয়ারি মাসে ক্লাস চলাকালীন বিমের অংশবিশেষ খসে পরে পাঁচ শিক্ষার্থী আহত হয়। এর পর থেকে খোলা আকাশের নিচে শিক্ষার্থীদের পাঠদান চলছে।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি খাদিজা আক্তার বলেন, ভবনে ক্লাস নিলে বিম ও ছাদ খসে পড়ে শিক্ষার্থীরা আহত হয়। আর খোলা আকাশের নিচে ক্লাস নিলে রোদে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। তিনি বলেন, আসন্ন বর্ষা মৌসুমে ক্লাস নেওয়া বন্ধ করা ছাড়া কোনো উপায় নেই।
গৌরনদী উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী বজলুর রহমান বলেন, স্কুল ভবনটি অধিক ঝুঁকিপূর্ণ হওয়ায় ব্যবহার না করার নির্দেশ দেওয়া হচ্ছে।