ছাতাওয়ালা এক বাণী খালা

লাল টুকটুকে ছাতার মাথায় সাদা রঙের দুটি শিং। ফুটপাতের পাশে একটি লোহার প্রতিবন্ধকে ছোট ছাতাটি ঝুলছে। সেখানে একটি মাইক্রোবাস এসে থামল। জানালার কাচ নামিয়ে ছাতাটি দেখতে চাইলেন এক ভদ্রমহিলা। পাশে দাঁড়ানো এক নারী ছাতাটি তুলে এগিয়ে গেলেন। দরদাম করে ছাতাটি কিনে নিলেন মাইক্রোবাসের আরোহী। চলে গেলেন। এবার আরেকটি ছাতা আগের মতো ঝুলিয়ে ক্রেতার অপেক্ষায় বসে রইলেন ষাটোর্ধ্ব ওই নারী।
তিনি ছাতা বিক্রেতা বাণী খালা। ধানমন্ডি ৩২ নম্বর সেতু পার হয়ে সোজা ২৭ নম্বরের দিকে যান। বঙ্গবন্ধু শেখ মুজিব স্মৃতি জাদুঘরমুখী হওয়ার ঠিক মোড়ের ফুটপাতে এই খালার দেখা মিলবে। ছোট-বড় বাহারি রঙের ছাতা নিয়ে রোজ তিনি বসে থাকেন। পরিচিত লোকজন তাঁকে বাণী খালা বলে জানলেও তাঁর নাম আসলে আনোয়ারা বেগম। কয়েক দিন ধরে থেমে থেমে টানা বৃষ্টি চলছে। ছাতা ছাড়া বের হওয়ার জো নেই। চলার পথে যাঁরা ছাতার দরকারটা খুব করে অনুভব করেন, তাঁদের তাৎক্ষণিক ভরসা এই বাণী খালা।
দিনাজপুরের আনোয়ারা তিন বছর আগে একা ঢাকায় আসেন। তিনি বলেন, ‘নতুন আইছিলাম কিছু চিনতাম না। আস্তে আস্তে লাইনঘাট বুঝলাম। অহন বর্ষাকাল ছাতি বেচি, আর অন্য সময় বাচ্চাগো খেলনা।’
এ জায়গাকে বেছে নেওয়ার ব্যাপারে আনোয়ারা বলেন, আশপাশে স্কুল ও লোকজন ঘুরতে আসে এদিকে। রাস্তার বিপরীত পাশে বসতেন আগে, কিন্তু কারও চোখে পড়ত না বলে এখন জায়গা বদল করেছেন। সঙ্গে থাকে দুই ব্যাগভর্তি ছাতা। দুই বছর ধরে এখানে ছাতা বিক্রি করছেন। ছাতার দাম নিয়ে বললেন, ১৭০ টাকা থেকে ৮০০ টাকা দামের ছাতাও তাঁর কাছে পাওয়া যাবে।
আনোয়ারার এক ছেলে এক মেয়ে। ছেলে মানসিক প্রতিবন্ধী। রাস্তায় থাকে। মেয়েকে বিয়ে দিয়েছেন। স্বামী আরেক বিয়ে করে আলাদা সংসার পেতেছেন। কারও ঘাড়ে বোঝা হতে চাননি। কাজের খোঁজে ঢাকায় আসেন। তিনি বলেন, ‘হাঁস-মুরগি, গরু-ছাগল পালতাম, কিন্তু লাভ হইত না। দেনা হইছিল মেলা। পরে সব বেইচা আইসা পড়ছি।’ এখন থাকেন লালবাগের শহীদনগরে। পানি ও গ্যাসের দাম বেশি হওয়ায় রান্নার ঝামেলায় যান না। চা-বিস্কুট, রুটিই ভরসা। রাতের বেলা হোটেলে গিয়ে ভাত খেয়ে থাকেন।
বৃষ্টি কমছে-বাড়ছে। কথার ফাঁকেই ক্রেতা সামলাচ্ছেন। পরিচিতজনেরা ব্যবহৃত ছাতাও ধার হিসেবে নিয়ে যাচ্ছেন তাঁর কাছ থেকে। ময়নুল হাসান ছাতা নিয়ে বের হননি। অফিসের কাজে কয়েক জায়গায় যেতে হবে। তিনি বললেন, ‘২৭ নম্বরের দিকে যাচ্ছিলাম। দূর থেকেই দেখি ছাতা ঝুলতেছে। রিকশা ঘুরায়ে ছাতা কিনতে এলাম।’ আনোয়ারার রং-বেরঙের ছাতা ঝুলিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করার প্রশংসা করলেন ময়নুল।
রোজ সকালে আনোয়ারা চলে আসেন, থাকেন বিকেল পর্যন্ত। বেচাকেনা নিয়ে জানতে চাইতেই চওড়া হাসি। বললেন, ‘খাইয়া-লইয়া মাসে অল্প কিছু থাকে।’ কেউ চাঁদা চাইলে তিনি দেন না। জানালেন, তেমন কেউ বিরক্ত করেন না। আনোয়ারার কাছে ঢাকা শহরটাকে ভালোই লাগে। ঝগড়াঝাঁটি নেই। কেউ কারও পেছনে লেগে থাকে না।
বেঁকে যাওয়া কালো রঙের একটি ছাতা মাথায় নিয়ে ক্রেতার অপেক্ষায় বসে আছেন। বৃষ্টির প্রকোপ বেড়েই চলেছে। বড় একটি প্লাস্টিকের কাগজ দিয়ে ছাতাগুলো ঢেকে রেখেছেন। কোথাও যাওয়া যাবে না। বৃষ্টির সঙ্গে সঙ্গে ছাতার চাহিদাও বেড়ে যাবে। বিদ্যুতের খুঁটির সঙ্গে একটু ওপরে লাল-নীল-হলুদ-সবুজ রঙের একটি ছাতা বাতাসে দুলছে। দূর থেকে ক্রেতা সহজেই বুঝবেন কেউ একজন ছাতা নিয়ে অপেক্ষা করছেন।