ছাতিরচর গ্রামে শুধু কান্না

কিশোরগঞ্জের হাওর-অধ্যুষিত নিকলী উপজেলার ভাঙনকবলিত ছাতিরচর গ্রাম। ঘোড়াউত্রা নদীর তীরবর্তী গ্রামে ১০ থেকে ১২ হাজার লোকের বাস। ওই গ্রামের অধিকাংশ মানুষই ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় কাজ করে সংসার চালান।
প্রতিবছর ভাঙনের ফলে ওই গ্রামের মানুষের সংগ্রাম করে জীবন চালাতে হয়। এলাকার অধিকাংশ লোকই দরিদ্র। সারা বছর জীবনের সঙ্গে সংগ্রাম করলেও বছরের একটা সময় পুরো গ্রাম মেতে ওঠে আনন্দ-উল্লাসে। এই সময় তাঁরা একসঙ্গে জড়ো হয়ে পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন। গতকাল রোববার ছিল ছাতিরচর গ্রামে নদীর পাড়ে বার্ষিক ওয়াজ মাহফিল। কাল মঙ্গলবার থেকে একই জায়গায় শুরু হওয়ার কথা সপ্তাহব্যাপী মেলা। এ নিয়ে পুরো গ্রামে এক দিন আগেও ছিল উৎসবের আমেজ। এই আনন্দে শরিক হতেই আসছিলেন ছাতিরচর গ্রামের হাসান ও মানিক মিয়ার পরিবারসহ মোট ১৪ জন। একটি দুর্ঘটনা সেই আনন্দ মুহূর্তেই শেষ করে দিল।
গতকাল রোববার সকালে নরসিংদীর বেলাবো উপজেলায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ১১ জন ও পরে বিকেলে এক বছরের শিশু রাব্বি মারা যায়। তাঁরা সবাই ছাতিরচর গ্রামের। এক গ্রামের ১২ জনের এই মৃত্যু কেউ মেনে নিতে পারছে না। পুরো গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।
ছাতিরচর গ্রামের মধু মিয়া অনেক দিন আগে এক সড়ক দুর্ঘটনায় হাঁটু পর্যন্ত তাঁর পা হারান। সেই সড়ক দুর্ঘটনার বিভীষিকা এখনো তিনি ভুলতে পারেননি। পঙ্গুত্ব নিয়ে তিনি বেঁচে আছেন। কিন্তু তাঁর এই বেঁচে থাকা যেন আরও কঠিন হয়ে গেল। গতকালের সড়ক দুর্ঘটনায় তাঁর ছেলে হাসানসহ পরিবারের চারজন নিহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন রিকশাচালক হাসান মিয়া (৩৫), হাসানের স্ত্রী হালিমা আক্তার (২৫), ছেলে ঈশান (৮) ও হাসানের শ্যালিকা ঝুমা আক্তার (১৪)। একই গ্রামের মৃত কালু মিয়ার ছেলে রিকশাচালক মানিক মিয়া (৫৫), মানিকের স্ত্রী মফিয়া আক্তার (৪৫), ছেলে অন্তর (১০), বড় ছেলের স্ত্রী শারমিন আক্তার (২৫) ও শারমিনের এক বছরের ছেলে রাব্বি। ওই গ্রামের মরম মিয়ার মেয়ে সাধনা (৩৫) ও সাধনার ভাই নাজমুল মিয়া (২৫), সবদর আলীর ছেলে হিরা মিয়া (৩৫)।
দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন। হিরা মিয়া ছিলেন চালকের সহকারী।
গতকাল বিকেলে সরেজমিনে ছাতিরচর গ্রামে গিয়ে এক হৃদয়বিদারক দৃশ্য দেখা যায়, যেন পুরো গ্রাম কান্নায় ভেঙে পড়েছে। কেউ কাউকে সান্ত্বনা দিতে পারছে না। নদীর পাশে শামিয়ানা টাঙিয়ে লাশ সারি করে রাখা হয়েছে। লাশ দেখতে পুরো গ্রামের মানুষ ভিড় করছে। আর স্বজনেরা বারবার মূর্ছা যাচ্ছেন। সন্ধ্যার আগে এখান থেকে লাশ নিয়ে ছাতিরচর বাজার কবর স্থানের পাশে সবাইকে একে একে গোসল করিয়ে স্থানীয় মাদ্রাসার মাঠে জানাজা শেষে সারিবদ্ধভাবে দাফন করা হয়।
এলাকার বৃদ্ধ তৈয়ব আলী বলেন, এ কষ্ট মেনে নেওয়া খুবই কঠিন।
জানাজায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘স্থানীয় সাংসদ আফজাল হোসেন প্রত্যেক নিহত ব্যক্তির পরিবারকে দাফনকাফনের জন্য তাঁর ব্যক্তিগত তহবিল থেকে ২০ হাজার করে টাকা দেওয়ার ঘোষণা দেন। এ ছাড়া উপজেলা পরিষদ থেকে আমরা যতটুকু পারি তাঁদের সহায়তা করব।’
আরও পড়ুন: