কিশোরগঞ্জের হাওর-অধ্যুষিত নিকলী উপজেলার ভাঙনকবলিত ছাতিরচর গ্রাম। ঘোড়াউত্রা নদীর তীরবর্তী এই গ্রামের অনেকেই ঢাকায় ছোটখাটো কাজ করেন। গ্রামীণ লোকজ মেলা উপলক্ষে বছরের এই সময়টায় অনেকেই ঘরে ফেরেন। পুরো গ্রাম মেতে ওঠে আনন্দ-উল্লাসে। কিন্তু এবার এক সড়ক দুর্ঘটনা কেড়ে নিয়েছে এই গ্রামবাসীর সব আনন্দ।
নরসিংদীর বেলাব উপজেলার দাড়িকান্দি বাসস্ট্যান্ডে গত রোববার বাস-মাইক্রোবাস সংঘর্ষে ১৩ জন নিহত হন। তাঁদের মধ্যে ১২ জনই ছাতিরচর গ্রামের। তাঁরা হলেন নাজমুল মিয়া (৩৫), তাঁর বোন সাধনা বেগম (৪০), চাচাতো ভাই হিরা মিয়া (৪০); মানিক মিয়া (৫৫), তাঁর স্ত্রী মফিয়া খাতুন (৪৫), তাঁদের ছেলে অন্তর আলম (১০), পুত্রবধূ শারমিন আক্তার (২৭), শারমিনের শিশুসন্তান রাব্বি; হাসান মিয়া (৩৪), হাসানের স্ত্রী হালিমা বেগম (২৫), তাঁদের ছেলে ঈশান মিয়া (৮) এবং হালিমার বোন ঝুমা বেগম (১৫)।
দুর্ঘটনায় ঘর খালি হয়ে গেছে মানিক মিয়ার পরিবারের। মানিকসহ পরিবারটির পাঁচজন প্রাণ হারিয়েছেন ওই দুর্ঘটনায়। শোকে কাতর মানিকের বড় ভাই ধনু মিয়া বলেন, ‘পাঁচ মাস আগে মানিক বউ-বাচ্চা নিয়া গ্রামে আইছিল। খরচের কথা ভাইব্বা ঈদ ছাড়া গ্রামে আসা হয় না। এবার মেলা দেখতে পাগল হইয়া গেছিল। এই তো আইল, জীবনের লাইগ্গা আইল। আর ঢাকায় ফিরা যাইতে হইব না।’
ছাতিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন বলেন, আজ মঙ্গলবার থেকে গ্রামে লোকজ মেলা শুরু হবে। শোক প্রকাশের অংশ হিসেবে এবারের মেলায় বাউল গানসহ কোনো রকম গানবাজনার আয়োজন থাকবে না। সপ্তাহব্যাপী এ মেলায় প্রতিটি স্টলেই থাকবে কালো পতাকা। দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের দাফন ও মিলাদ মাহফিলের জন্য বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন ৫০ হাজার টাকা দিয়েছেন বলেও জানান তিনি।
নিহত ব্যক্তিদের মধ্যে গতকাল সকালে ছাতিরচরের শারমিন আক্তার ও তাঁর শিশুসন্তান রাব্বীর দাফন সম্পন্ন হয়। এর আগে রোববার রাতে দাফন করা হয় ১০ জনকে।
উপজেলাজুড়ে গতকাল কালো ব্যাজ ধারণ, শিক্ষা ও ব্যবসাপ্রতিষ্ঠানে কালো পতাকা উত্তোলনের মাধ্যমে শোক প্রকাশ করা হয়েছে। ছাতিরচরে বিকেলে বের করা হয় শোক র্যা লি।