ছাত্তারের উদ্ধারকারী জাহাজও ডুবোচরে আটকা

চাঁদপুরের হাইমচর উপজেলায় মেঘনা নদীর ডুবোচরে আটকে থাকা এমভি ছাত্তার খান-১ লঞ্চটি আজ রোববার শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার করা যায়নি। লঞ্চটিকে উদ্ধার করতে গিয়ে সেই চরে আটকে গেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ‘অগ্রবাহক’ নামের আরেকটি জাহাজ।
চাঁদপুর বিআইডব্লিউটিএর উপপরিচালক মোবারক হোসেন জানান, গতকাল শনিবার বিকেলে আটকে থাকা লঞ্চ ছাত্তারকে উদ্ধার করতে অগ্রবাহক নামের একটি জাহাজ পাঠানো হয়। কিন্তু অগ্রবাহক জাহাজটিও ছাত্তারের সঙ্গে ডুবোচরে আটকে যায়। এখন ডুবোচরে দুটি নৌযানই আটকে আছে। সেখানে পুলিশ পাহারায় আছে।
মোবারক হোসেন আরও বলেন, লঞ্চটি নদীসীমার চ্যানেল থেকে এক কিলোমিটার পশ্চিমে ডুবোচরে আটকে থাকায় উদ্ধার করা কঠিন হয়ে পড়েছে। তিনি বলেন, ড্রেজিং করে, নদীপথ তৈরি করে আটকে থাকা লঞ্চটি উদ্ধার করতে হবে।
চাঁদপুর নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) জাহিদুল ইসলাম বলেন, এই প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।
গত শুক্রবার রাত ১১টার দিকে হাইমচরের ডুবোচরে প্রায় ৮০০ যাত্রী নিয়ে লঞ্চটি আটকা পড়ে। গতকাল শনিবার বেলা একটার দিকে আরেকটি লঞ্চে করে যাত্রীদের উদ্ধার করে ঘাটে নিয়ে যাওয়া হয়।