ছাত্র অনিয়মিত, পরীক্ষা নিয়মিতের প্রশ্নপত্রে
বরগুনার পাথরঘাটা উপজেলায় কাকচিড়া মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় তিনজন অনিয়মিত পরীক্ষার্থীর নিয়মিত প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে। বাংলা প্রথম পত্রের পরীক্ষায় ওই কেন্দ্রে গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাদল বিশ্বাসকে কেন্দ্রসচিবের পদ থেকে প্রত্যাহার করা হয়েছে।
ওই তিন পরীক্ষার্থীর একজন মানিকখালী রহমানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মো. তওহিদ হাসান। অন্য দুজন রূপধন বন্দর আমিরীয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র। এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কবির ঘটনার সত্যতা নিশ্চিত করলেও তাৎক্ষণিকভাবে দুই ছাত্রের নাম জানাতে পারেননি।
শিক্ষক ও শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থীদের সিলেবাস ও প্রশ্নের মানবণ্টন পৃথক। ওই তিন পরীক্ষার্থীকে ৬০ নম্বরের রচনামূলক প্রশ্নের পরিবর্তে ৭০ নম্বরের এবং ৪০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নের পরিবর্তে ৩০ নম্বরের প্রশ্ন দিয়ে পরীক্ষা নেওয়া হয়েছে। পরীক্ষা শেষে বিষয়টি ধরা পড়ে। এর ফলে তাদের পরীক্ষার ফল স্থগিত থাকবে। পরে আবেদন করলেও ফল প্রকাশ করা সম্ভব হবে না।
এ সম্পর্কে কাকচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাদল বিশ্বাস বলেন, অনিয়মিত এক পরীক্ষার্থীর নিয়মিত প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়েছে। অন্য দুজনের বিষয়টি তিনি জানেন না।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তফা আলম গতকাল শুক্রবার বলেন, প্রশ্নপত্র পরিবর্তনের ঘটনায় কেন্দ্রসচিবের পদ থেকে বাদল বিশ্বাসকে প্রত্যাহার করা হয়েছে। ওই পদে আরেকজন প্রধান শিক্ষককে দায়িত্ব দেওয়ার প্রক্রিয়া চলছে।
বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জিয়াউল হক বলেন, এ রকম যাতে আর না ঘটে, সে জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভুক্তভোগী পরীক্ষার্থীদের কাছ থেকে লিখিত আবেদন পেলে তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তা বিবেচনা করা হবে।