ছাত্র অপহরণের ঘটনায় যুবক পাঁচ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরা থেকে অপহরণ হওয়া বেসরকারি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র আসিফ ইমরান অপহরণ মামলায় চৌধুরী সাফা রাফসান জানি (২৫) নামের এক যুবককে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ রোববার তাঁকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক কাজী কামরুল ইসলাম পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ জানায়, গত বছরের ৭ অক্টোবর ছাত্র আসিফকে অপহরণ করে মুক্তিপণ দাবি করে দুর্বৃত্তরা। এ ঘটনায় আসিফের পরিবার উত্তরা পশ্চিম থানায় একটি মামলা করে। মামলায় গোলাম মোস্তফা আদর, গোলাম রহমান শাকিল ও আলমগীর ইসলাম নামের তিনজনকে আসামি করা হয়। ইতিমধ্যে তিনজনকেই গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। আসামি গোলাম রহমান ও গোলাম মোস্তফা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিও দিয়েছেন। জবানবন্দিতে ঘটনায় জড়িত হিসেবে সাফা রাফসানের নাম আসে। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক গাজী আতাউর রহমান প্রথম আলোকে বলেন, এখনো পর্যন্ত ছাত্র আসিফকে উদ্ধার করা যায়নি। প্রাথমিক তদন্তে ও আসামিদের দেওয়া জবানবন্দিতে জানা গেছে, আসামি আলমগীর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আসামি গোলাম মোস্তফা ও গোলাম রহমান ছাত্র আসিফকে অপহরণ করে নারায়ণগঞ্জে আলমগীরের কাছে নিয়ে যান। তারপর তাঁকে অজ্ঞাতনামা স্থানে আটকে রেখে পরিবারে কাছে মুক্তিপণ দাবি করা হয়।
তদন্তকারী কর্মকর্তা বলেন, ছাত্র আসিফ জীবিত না মৃত, সে ব্যাপারে এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। আসামি রাফসানকে জিজ্ঞাসাবাদ করে আরও কিছু তথ্য পাওয়া যেতে পারে। আর আসামি আলমগীরকে এক দফা রিমান্ডে নেওয়া হয়েছিল। গত শুক্রবার তাঁকে আরও ১০ দিনের রিমান্ডে নেওয়ার জন্য আদালতে আবেদন করা হয়েছে। তবে আবেদনের শুনানি এখনো হয়নি।