ছাত্র আছে, শিক্ষক নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দর্শন বিষয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষে অনার্সের (স্নাতক) ছাত্রছাত্রী ১৫০ জন। এইচএসসিতে এই বিষয়টি রয়েছে ১৫০ শিক্ষার্থীর। তবে নামেই পড়া! পড়ানোর জন্য কোনো শিক্ষক নেই। রাজশাহী নিউ ডিগ্রি কলেজের দর্শন বিভাগে এই অবস্থা চলছে ৮ নভেম্বর থেকে।
স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ইনকোর্স পরীক্ষা শেষ হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, ৩০ নভেম্বরের মধ্যে ২০ নম্বরের ইনকোর্স পরীক্ষার ফল অনলাইনে ওঠানোর (ইনপুট দেওয়া) কথা বিভাগের শিক্ষকদের। কিন্তু তা করা যাচ্ছে না শুধু শিক্ষক না থাকার কারণে। নির্ধারিত সময়ের মধ্যে এটি করা না হলে প্রথম বর্ষের ৫০ জন শিক্ষার্থী দ্বিতীয় বর্ষে উন্নীত হতে পারবেন না।
কলেজ সূত্রে জানা গেছে, দর্শন বিভাগে চারজন শিক্ষক ছিলেন। ৮ নভেম্বর দুজন প্রভাষকের পদোন্নতি হওয়ায় তাঁদের অন্য কলেজে পদায়ন করা হয়েছে। গত অক্টোবর মাসে একজন সহযোগী অধ্যাপক পদোন্নতি পেয়ে রাজশাহী কলেজে অধ্যাপক পদে যোগদান করেছেন। ওই মাসেই একজন সহকারী অধ্যাপক ঢাকায় বদলি হয়ে গেছেন। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একজন শিক্ষক এই বিভাগের দায়িত্বে আছেন।
বিভাগের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র সাদ্দাম হোসেন বলেন, ‘কলেজে যাই, ক্লাস না হওয়ায় ফিরে আসি। সামনে ইনকোর্স পরীক্ষা। অন্য বিভাগের এই পরীক্ষা হয়ে গেছে। আমাদের এখনো কোনো খবর নেই।’
তৃতীয় বর্ষের ছাত্র আনোয়ার হোসেন জানান, ‘মাত্র দু-তিন দিন ক্লাস হয়েছে। শিক্ষক নেই। কীভাবে পড়ালেখা হবে, ভেবে পাচ্ছি না।’
কলেজের অধ্যক্ষ তোজাম্মেল হোসাইন বলেন, ‘আমরা শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের সঙ্গে কথা বলেছি। চেষ্টা করা হচ্ছে যত তাড়াতাড়ি এ সমস্যার সমাধান করা হয়।’