ছাত্র আন্দোলন নিয়ে সংসদীয় কমিটির বৈঠকে আলোচনা

নিরাপদ সড়কের দাবিতে চলমান ছাত্র আন্দোলনকে ভিন্ন খাতে নিতে একটি গোষ্ঠী কলকাঠি নাড়ছে বলে মনে করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আড়ালের এই ক্রীড়নকদের শক্ত হাতে দমন করতে হবে।
আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে মন্ত্রণালয় এ কথা জানায়। এর পরিপ্রেক্ষিতে সংসদীয় কমিটিও ক্রীড়নকদের বিরুদ্ধে কঠোর হতে বলেছে। তবে এ ক্ষেত্রে শিক্ষার্থীরা যাতে হয়রানির শিকার না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে বলেছে সংসদীয় কমিটি। তারা ছাত্রদের ওপর বল প্রয়োগ না করে শিক্ষকদের মাধ্যমে শিক্ষার্থীদের ‘মোটিভেট’ করতে বলেছে।
সংসদ ভবনে রোববার বিকেলে সংসদীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচ্য সূচিতে না থাকলেও আলোচনায় আসে চলমান ছাত্র আন্দোলনের বিষয়টি।
বৈঠক সূত্র জানায়, বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চলমান ছাত্র আন্দোলন দমন করতে চাইলে তা কঠিন কিছু নয়। এর চেয়ে বড় আন্দোলন দমন করার অভিজ্ঞতা আইনশৃঙ্খলা বাহিনীর রয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী স্কুল-কলেজের শিক্ষার্থীদের এই আন্দোলনের ক্ষেত্রে সংযত থাকতে বলেছেন।
সূত্র জানায়, বৈঠকে কমিটির একজন সদস্য বলেন, সরকারের শেষ সময় এ ধরনের ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কা ছিল। এ ধরনের ঘটনার বিষয়ে আগ থেকে তথ্য থাকা উচিত ছিল। আরেকজন সদস্য বলেন, চলমান আন্দোলন দমন করা উচিত। না হলে যেকোনো সময় বড় ধরনের অঘটন ঘটতে পারে।
বৈঠক শেষে সংসদীয় কমিটির সভাপতি টিপু মুনশি সাংবাদিকদের বলেন, বৈঠকে বলা হয়েছে, প্রথম দিকে শিক্ষার্থীদের আবেগের বিষয় ঠিক ছিল। কিন্তু এখন আন্দোলন অন্য খাতে নিয়ে যাওয়া হচ্ছে। কেউ যাতে রাজনৈতিক স্বার্থে অভিসন্ধিমূলক কিছু করতে না পারে তা শক্ত হাতে মোকাবিলা করতে হবে। যারা পেছনে আছে তাদের শিগগির বের করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠকে জানিয়েছেন, শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়া হয়েছে। এখন আন্দোলন ভিন্ন খাতে নিতে সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুকে গুজব ছড়ানো হচ্ছে। ফেসবুক বন্ধ করার প্রস্তাব ছিল। তবে প্রধানমন্ত্রী বলেছেন, ফেসবুক সচল রেখেই এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
কারা আন্দোলন ভিন্ন খাতে নিতে চাইছে, সে বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কারও নাম প্রকাশ করেছে কি না, জানতে চাইলে টিপু মুনশি বলেন, এটা এখন পরিষ্কার। একটি ফোনালাপ প্রকাশ হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ছাড়া যারা গুজব ছড়িয়েছে তাদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
টিপু মুনশির সভাপতিত্বে কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, মো. মোজাম্মেল হোসেন, মো. ফরিদুল হক খান, আবুল কালাম আজাদ, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ফখরুল ইমাম এবং কামরুন নাহার চৌধুরী বৈঠকে অংশ নেন।