ছাত্র আমিনুল হত্যায় সাতজন রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ধানমন্ডিতে আমিনুল ইসলাম জিসান নামের এক কিশোর ছাত্রকে হত্যার ঘটনায় সাতজনকে তিন দিন করে রিমান্ডে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবি জানায়, গত রোববার রাতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গতকাল সোমবার তাঁদের আদালতে পাঠিয়ে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হলে আদালত তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন মেহেদী হাসান, শরীফ হোসেন, মো. ইমন, হাসান আহম্মেদ ওরফে জনি, আসিফ ইকবাল ওরফে অনিক, অমিত হাসান ও ওয়াসিফ উল্লাহ। এদের বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে।
গত ১২ মে রাত আটটার দিকে ধানমন্ডি লেকে আমিনুলকে দুর্বৃত্তরা রডের আঘাতে গুরুতর জখম করে। গত ১৪ মে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। এ ঘটনায় আমিনুলের বাবা আজাহার মুন্সি বাদী হয়ে ধানমন্ডি থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। পরে মামলাটি ডিবির কাছে হস্তান্তর করা হয়।
ডিবি জানায়, ওই দিন আমিনুলকে মারধর করে তার মুঠোফোনটি ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে প্রযুক্তির সহায়তার ওই মুঠোফোনের অবস্থান শনাক্ত করে জড়িতদের ধরা হয়।
ডিবির উপকমিশনার (দক্ষিণ) মাশরুকুর রহমান খালেদ প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার যুবকেরা বখাটে। ছিনতাইয়ের উদ্দেশ্যে ওই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে রিমান্ডে তাঁদের জিজ্ঞাসাবাদ করে প্রকৃত তথ্য পাওয়া যাবে।
নিহত আমিনুলের পরিবার জানায়, আমিনুলের গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদরে। তাঁর পরিবার রাজধানীর আদাবরে এক ভাড়া বাসায় থাকে। তবে আমিনুল গোপালগঞ্জে বোনের বাসায় থেকে পড়াশোনা করত। স্থানীয় একটি স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়ে সে ঢাকায় বেড়াতে এসেছিল।