ছাত্র ইউনিয়নের নতুন কর্মসূচি শিক্ষার্থীদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ষবরণের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারীদের লাঞ্ছনার প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
ঘোষিত কর্মসূচি হলো: আজ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) রাজু ভাস্কর্য থেকে মশাল মিছিল, কাল বিকেল চারটায় একই স্থানে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ ও সারা দেশে প্রতিবাদী গণসমাবেশ। ২৫ এপ্রিল বেলা ১১টায় মতবিনিময় সভা, বিকেল ৫টা ৩১ মিনিটে প্রতিরোধ পর্ব ও সন্ধ্যা ৭টা ১ মিনিটে ঘটনাস্থলে ও সারা দেশে নিপীড়নবিরোধী আলোক প্রজ্বালন। পরদিন সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ক্লাস বর্জন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি। ২৭ থেকে ২৯ এপ্রিল দেশব্যাপী যৌন নিপীড়নবিরোধী প্রচারাভিযান ও ৩০ এপ্রিল জেলা পর্যায়ে ছাত্র গণসমাবেশ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ছাত্র ইউনিয়নের সভাপতি হাসান তারেক বলেন, এখন পর্যন্ত তদন্তে কোনো অগ্রগতি দেখা যায়নি। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে স্মারকলিপি দিতে গেলে তিনি সুষ্ঠু বিচারে আমাদের আশ্বস্ত করলেও পরবর্তী সময়ে ঘোষণা দেন, কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজ না পাওয়ায় ব্যবস্থা গ্রহণ করা যাচ্ছে না। সবকিছুতে ষড়যন্ত্র খোঁজা তাঁদের মনোরোগে পরিণত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের অপসারণ দাবি করে হাসান তারেক বলেন, তাঁকে এখনো বহাল রেখে উপাচার্য এ ঘটনায় নির্বিকার ভূমিকা পালন ও ব্যর্থ প্রক্টরকে মদদ দিচ্ছেন।
সংবাদ সম্মেলনে ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লাকী আক্তার, সহসভাপতি মারুফ বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক জি এম জিলানী, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি লিটন নন্দী ও সাধারণ সম্পাদক তুহিন কান্তি দাস উপস্থিত ছিলেন।
এদিকে নববর্ষে সংঘবদ্ধ যৌন নিপীড়নের প্রতিবাদে নিপীড়কদের কুশপুত্তলিকা দাহ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা। এর আগে তাঁরা কুশপুত্তলিকায় থুতু ও জুতা নিক্ষেপ করেন। বেলা ১১টার দিকে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ডসহ রাজু ভাস্কর্যের পাদদেশে তাঁরা মানববন্ধন করেন। পরে ‘দুই রঙা আলপনা’ শিরোনামে পুলিশের নিষ্ক্রিয়তা ও জনতার প্রতিবাদ নিয়ে একটি নাটিকা পরিবেশিত হয়। দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে আইন, পরিসংখ্যান, গণিত, ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা মানববন্ধন করেন।
নারী লাঞ্ছনা ও পুলিশের নিষ্ক্রিয়তার প্রতিবাদে ঢাকার চারটি স্থানে সকাল ১০টা থেকে বেলা সোয়া ১১টা পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি হয়। ধানমন্ডির সাত মসজিদ রোডে নারীপক্ষ, ২৭ নম্বর চৌরাস্তায় নাগরিক উদ্যোগ, পরীবাগে সংক্ষুব্ধ নারীসমাজ ও সুপ্রিম কোর্টের সামনে ব্লাস্টের ব্যানারে এসব বিক্ষোভ হয়।
এ ছাড়া নারী লাঞ্ছিতের ঘটনা ও একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন। একই স্থানে বিকেলে মানববন্ধন করে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র ও বাংলাদেশ ছাত্র মৈত্রী।