হলের সিটে শিক্ষার্থী ওঠানোকে কেন্দ্র করে গতকাল বুধবার ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ছাত্রলীগের হামলায় ছাত্র ইউনিয়নের পাঁচজন নেতা-কর্মী আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় ছাত্রলীগের দুজন নেতাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার এবং ছয়জন নেতা-কর্মীকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে। হলে তল্লাশি চালিয়েছে পুলিশ।প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বাকৃবির শহীদ নাজমুল আহসান হলে নবীন এক শিক্ষার্থীকে সিট দেওয়াকে কেন্দ্র করে গত সোমবার রাতে ছাত্রলীগের কর্মীদের সঙ্গে ছাত্র ইউনিয়নের কর্মীদের মধ্যে বাগিবতণ্ডা ও হাতাহাতি হয়। বিষয়টি নিয়ে গতকাল দুপুরে ছাত্র ইউনিয়ন ও ছাত্রলীগের নেতাদের নিয়ে প্রক্টর কার্যালয়ে বৈঠকে বসেন ছাত্র উপদেষ্টা মো. মোস্তাফিজুর রহমান ও প্রক্টর এম এ সালাম। বৈঠকে মীমাংসা শেষে ছাত্র ইউনিয়নের কর্মীরা জব্বার মোড়ের কার্যালয়ে সভায় বসলে বিকেল চারটার দিকে নাজমুল আহসান হল শাখার ছাত্রলীগের নেতা জাকারিয়া আলমের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল হকিস্টিক, রড, রামদা, লাঠিসোঁটা নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। তাদের বেধড়ক পিটুনিতে ছাত্র ইউনিয়নের নেতা আশরাফুল আলম ও সোবাহানের মাথা ফেটে যায়। এ ছাড়া শামীম মিঞার হাত-পা ভেঙে যায়। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছাত্র ইউনিয়নের বাকৃবি শাখার সাবেক সহসভাপতি বেলাল হোসেন অভিযোগ করেন, ‘প্রশাসন ছাত্র ইউনিয়নসহ সাধারণ ছাত্রদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। ছাত্রলীগের নেতারা শুধু মারেইনি, কক্ষ ভাঙচুর করেছে। তা ছাড়া কক্ষে থাকা টাকাপয়সা ও মূল্যবান জিনিসও লুটপাট করেছে।’ জানতে চাইলে সহকারী প্রক্টর মো. সাজ্জাদ হোসেন গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। প্রাথমিক তদন্তে ঘটনায় জড়িত থাকার প্রমাণ পাওয়ায় ছাত্রলীগের নেতা জাকারিয়া আলম (মাৎস্যবিজ্ঞান অনুষদ; লেভেল-৪, সেমিস্টার-১) ও নাইম হোসেনকে (কৃষি অনুষদ; লেভেল-২, সেমিস্টার-১) ছয় মাসের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি আরও বলেন, এ ব্যাপারে তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্তে অন্য কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদেরও কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।বাকৃবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুজ্জামান ইমন বলেন, প্রাথমিক তদন্তে হামলার বিষয় প্রমাণিত হওয়ায় ছয়জন কর্মীকে ছাত্রলীগ থেকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। তাঁরা হলেন: শহীদ নাজমুল আহসান হলের জাকারিয়া আলম, নাইম হোসেন, রফিকুল ইসলাম, শওকত আহসান এবং শাহ্জালাল হলের মেহেদী হাসান ও মনছুর আহমেদ। গত রাত ১০টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নাজমুল আহসান হলে পুলিশের তল্লাশি অভিযান চলছিল।