ছাত্র ইউনিয়নের দুই নেতাকে ছাত্রলীগের পিটুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট এমসি কলেজে জেলা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সভাপতি হিরন মাহমুদের পক্ষের কর্মীদের হামলায় জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি মতিউর রহমান ও কলেজ শাখার সভাপতি বিশ্বপা ভট্টাচার্য আহত হয়েছেন। গতকাল রোববার কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, স্নাতক সম্মান শ্রেণীতে নতুন শিক্ষার্থী ভর্তির কার্যক্রম দেখতে গতকাল সকালে জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি মতিউর রহমান ক্যাম্পাসে যান। সেখানে বেলা দুইটা পর্যন্ত অবস্থানকালে ১০-১২ জনের একদল লোক শিক্ষার্থী পরিচয় দিয়ে তাঁকে ক্যাম্পাসের ফুড গ্যালারির পাশে নিয়ে যান। সেখানে তাঁরা ‘আমাদের জেলা কমিটি ভাঙছিস...সভাপতিকে মামলা দিয়েছিস...’ প্রভৃতি বলে মতিউরের ওপর হামলা চালান। ঘটনাটি দেখে ছাত্র ইউনিয়নের এমসি কলেজ শাখার সভাপতি বিশ্বপা ভট্টাচার্য সভাপতিকে উদ্ধারে এগিয়ে যান। ছাত্রলীগের কর্মীরা বিশ্বপার হাতে আঘাত করেন। এ সময় কলেজের ফটকে পুলিশের অবস্থান দেখে হামলাকারীরা চলে যান। খবর পেয়ে ক্যাম্পাসে অবস্থানরত নেতা-কর্মীরা দুজনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালে কর্তব্যরত জরুরি বিভাগের চিকিৎসক প্রথম আলোকে জানান, মতিউরের মাথায় কাটা জখম ও শরীরের বিভিন্ন স্থানে ফোলা রয়েছে। বিশ্বপার ডান হাতে জখম রয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে দুজনকে ভর্তি করা হয়েছে। গত ১৫ সেপ্টেম্বর সিলেটে সিপিবি-বাসদের বিভাগীয় সমাবেশে ছাত্রলীগের সভাপতি হিরনের নেতৃত্বে হামলা করা হয়। হামলায় সমাবেশের মঞ্চে থাকা সিপিবির কেন্দ্রীয় সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমসহ ২৫ জন আহত হন। ওই রাতেই কেন্দ্রীয় নির্দেশে জেলা ছাত্রলীগের কমিটি বাতিল ঘোষণা করা হয়।
জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক সহিদুজ্জামান বলেন, হামলাকারী ছাত্রলীগের কর্মীরা হিরন মাহমুদপক্ষের। তাঁরা ১৫ সেপ্টেম্বরের হামলায়ও ছিলেন।
ছাত্রলীগ সূত্র জানায়, ১৫ সেপ্টেম্বরের ঘটনার পর থেকে হিরন গা-ঢাকা দিয়ে থাকেন। গতকাল যোগাযোগ করলে হিরন মাহমুদ বলেন, ‘আমি রাজনৈতিক কারণে ঢাকায় অবস্থান করছি। ঘটনাটি শুনে আমি স্তম্ভিত হয়েছি। দলের মধ্যে থাকা আমার বিরুদ্ধ কোনো পক্ষ আমার নাম নিয়ে এটা করতে পারে।’
২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার দাবি: ছাত্র ইউনিয়নের দুই নেতার ওপর হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন ছাত্র ইউনিয়ন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) নেতারা। বিকেলে বিক্ষোভ মিছিল করে কোর্ট পয়েন্টে প্রতিবাদ সভায় মিলিত হয়ে নেতারা এ দাবি জানান।