ছাত্র ইউনিয়নের ৩৮তম সম্মেলন শুরু ২ এপ্রিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ছাত্র-জনতা ঐক্য গড়, শিক্ষা-সংস্কৃতি রক্ষা কর’ স্লোগান নিয়ে ১০ দফা দাবিতে আগামী ২ থেকে ৫ এপ্রিল বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৩৮তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী সম্মেলনের উদ্বোধন করবেন।
গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। ১০ দফা দাবির মধ্যে রয়েছে একই ধারার বিজ্ঞানভিত্তিক ও অসাম্প্রদায়িক সর্বজনীন শিক্ষা, কোচিং-গাইড ব্যবসায়ের বৈধতা বাতিল করা, পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িক পরিবর্তন বাতিল করা, ছাত্র সংসদ নির্বাচন দেওয়া, শিক্ষা খাতে জাতীয় আয়ের ৮ ভাগ বরাদ্দ দেওয়াসহ সব হত্যা-ধর্ষণের ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিত করা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক জিএম জিলানী বলেন, ২ এপ্রিল বেলা ১১টায় অপরাজেয় বাংলায় সম্মেলনের উদ্বোধন, বিকেল চারটায় রাজু ভাস্কর্যে সাংস্কৃতিক অনুষ্ঠান, পরদিন টিএসসি মিলনায়তনে ‘নয়া উদারবাদী অর্থনৈতিক দর্শনের কবলে শিক্ষা’ প্রসঙ্গে আন্তর্জাতিক সেমিনার এবং শেষ দুই দিন ৬০০ কাউন্সিলরের উপস্থিতিতে কাউন্সিল অধিবেশন হবে।