ছাত্র ইউনিয়নের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষার অধিকার আদায় ও বাণিজ্যিকীকরণ প্রতিরোধ, সন্ত্রাস ও দলখদারিমুক্ত শিক্ষাঙ্গন গড়ার প্রত্যয় নিয়ে গতকাল মঙ্গলবার সংগঠনের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে ছাত্র ইউনিয়ন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শোভাযাত্রা, সমাবেশসহ নানা কর্মসূচি পালন করে সংগঠনটি।গতকাল বেলা ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এক সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় নেতারা শিক্ষার অধিকার আদায় ও সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। শিক্ষার অধিকার আদায়ের সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার জন্য সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীদের শুভেচ্ছা জানান নেতারা।ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সভাপতি ফেরদৌস আহমেদের সভাপতিত্বে সমাবেশে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাসান তারেক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি অভিনু কিবরিয়া প্রমুখ বক্তব্য দেন। সমাবেশ শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।ছাত্র ইউনিয়নের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও সমাবেশ-শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।প্রসঙ্গত, ১৯৫২ সালের ২৬ এপ্রিল পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন প্রতিষ্ঠা করা হয়। মুক্তিযুদ্ধের পর সংগঠনের নাম হয় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। প্রতিষ্ঠার পর থেকেই দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখে এই সংগঠন।