ছাত্র ইউনিয়নের ৬০ বছর পূর্তিতে সুনামগঞ্জে পুনর্মিলনী অনুষ্ঠিত
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৬০ বছর পূর্তিতে গতকাল শনিবার সুনামগঞ্জে সংগঠনের সাবেক ও বর্তমান সদস্যদের এক পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে অনুষ্ঠিত পুনর্মিলনীতে সংগঠনের বিভিন্ন সময়ের তিন শতাধিক সাবেক নেতা-কর্মী অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে শহরে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পুনর্মিলনীর আলোচনা ও আড্ডায় সঞ্চৃতিচারণার ফাঁকে ফাঁকে সংগীত পরিবেশন করেন উদীচী শিল্পীগোষ্ঠীর সদস্যরা। বক্তব্য দেন সংগঠনের সাবেক নেতা রমেন্দ্র কুমার দে মিন্টু, ধূর্জটি কুমার বসু, পরিমল কান্তি দে, স্বপনকুমার দেব, সাইফুর রহমান, সত্যব্রত রায়, বজলুল মজিদ চৌধুরী, সুদীপ্ত দাশ, রানী রায়, শীলা রায়, আবু সুফিয়ান, বেলায়েত হোসেন, শামসুন্নাহার বেগম, সালেহ আহমদ, বোরহান উদ্দিন দোলন, খায়রুল হুদা, ইকবাল কাগজী, শামসুল আবেদীন, ফৌজিআরা শাম্মী, ইফফাত জাহান, পঙ্কজ দে, এনাম আহমেদ, জাহাঙ্গীর আলম, আ স ম মাসুম, আবু তাহের প্রমুখ।বক্তারা বলেন, ‘যে স্বপ্ন নিয়ে বায়ান্ন সালের ২৬ এপ্রিল ছাত্র ইউনিয়নের যাত্রা শুরু হয়েছিল, তা এখনো পূরণ হয়নি। তাই আমাদের যার যার অবস্থান থেকে সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যেতে হবে।’