ছাত্র ইউনিয়নের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী ২৬ এপ্রিল
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন প্রতিষ্ঠার ৬০ বছর পূর্তি ২৬ এপ্রিল। এ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি নিয়েছে ছাত্রসংগঠনটি।গতকাল শুক্রবার রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনে ‘ছাত্র ইউনিয়নের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন জাতীয় কমিটি’ আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।সংগঠনের সাধারণ সম্পাদক এস এম শুভ বলেন, ২৬ এপ্রিল বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু স্মারক ভাস্কর্যে উদ্বোধনী সমাবেশ হবে। উদ্বোধন করবেন ভাষাসৈনিক আবদুল মতিন। সমাবেশ শেষে একটি শোভাযাত্রা রাজধানীর বিভিন্ন পথ প্রদক্ষিণ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সমাপ্ত হবে। বেলা তিনটায় ওই মাঠে পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি গোলাম আরিফ টিপু বলেন, শিক্ষা, সংস্কৃতি ও মনুষ্যত্ব বিকাশে ছাত্র ইউনিয়ন আবারও জাতিকে পথ দেখাবে। মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী পালনের মধ্য দিয়ে ছাত্র ইউনিয়ন নতুন করে আগামী দিনের পথচলা শুরু করবে। ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী রাশিয়া, গ্রিস, অস্ট্রেলিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে পালিত হবে বলেও জানান তিনি। অন্যান্যের মধ্যে ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি আনোয়ারুল হক, আসলাম খান, হাসান তারিক চৌধুরী সোহেল, শরিফুজ্জামান শরিফ, বর্তমান সভাপতি ফেরদৌস আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।