নারী কেলেঙ্কারির অভিযোগ এনে উপাচার্যের অপসারণের দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা ও প্রক্টর গতকাল রোববার পদত্যাগ করেছেন।
এর আগে গত মঙ্গলবার প্রশাসনের ৫৪টি পদ থেকে পদত্যাগ করেন আওয়ামীপন্থী শিক্ষকেরা। এদিকে আজ সোমবার বিকেল পাঁচটার মধ্যে উপাচার্যকে পদত্যাগের সময়সীমা বেঁধে দিয়েছে শিক্ষক সমিতি।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, উপাচার্য মো. রফিকুল হকের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ আসায় ২২ মার্চ শিক্ষক ফোরাম উপাচার্যের অধীনে দায়িত্ব পালন না করার সিদ্ধান্ত নেয়। পরে ওই ৫৪টি পদ থেকে একযোগে পদত্যাগ করেন আওয়ামীপন্থী শিক্ষকেরা। কিন্তু ওই দিন ছাত্রবিষয়ক উপদেষ্টা ও প্রক্টর পদত্যাগ করেননি। তবে গতকাল পর্যন্ত মোট ৫৯ জন শিক্ষক প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করেছেন। এ বিষয়ে জানতে উপাচার্য মো. রফিকুল হকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি।
শিক্ষক সমিতির আলটিমেটাম: গতকাল বেলা ১১টার দিকে জরুরি সভা করে উপাচার্যকে আজ বিকেল পাঁচটার মধ্যে পদত্যাগের সময়সীমা বেঁধে দেয় শিক্ষক সমিতি। নতুবা কাল মঙ্গলবার থেকে শিক্ষক সমিতি কঠোর কর্মসূচি দেবে বলে জানান সমিতির সভাপতি অধ্যাপক খন্দকার শরীফুল ইসলাম।