রংপুরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ ছাত্ররা রংপুর-বগুড়া মহাসড়কের মডার্ন মোড় অবরোধ করে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। উদ্ভূত পরিস্থিতিতে কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় দুই দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে।বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হাফিজুর রহমান জানান, উদ্ভূত পরিস্থিতিতে শনিবার ও রোববার বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।বিভিন্ন সূত্রে জানা যায়, কারমাইকেল কলেজ-সংলগ্ন পার্কের মোড় এলাকায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের মাঠে গতকাল ছাত্ররা ক্রিকেট খেলতে যান। সেখানে স্থানীয় ছেলেরা খেলছিল। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সেখানে খেলতে চাইলে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এলাকাবাসী ওই সংঘর্ষে যোগ দেয়। সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের ছাত্র তিতাস চন্দ্র, রাকিব, লিমন, লিটন, রুবেল, সুমন, বনফুল রায়, শামিউলসহ ১২ জন আহত হন।