ছাত্র ও যুবলীগ কর্মীদের সংঘর্ষ, প্রতিমন্ত্রীর সভামঞ্চ ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সোনাইমুড়ীতে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রীর সভামঞ্চ ভাঙচুর করেছে ছাত্র ও যুবলীগের কর্মীরা। গত শনিবার দুপুর ১২টায় উপজেলার জয়াগ কলেজ মাঠে এক মতবিনিময় সভায় যোগ দেওয়ার কথা ছিল প্রতিমন্ত্রীর। তিনি ঘটনাস্থলে পৌঁছার আগেই ভাঙচুরের ঘটনা ঘটে। ভাঙচুর চলাকালে কলেজের জীববিদ্যা বিভাগের শিক্ষক জাকির হোসেন (৪৪) আহত হন। তাঁকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে জয়াগ কলেজের ছাত্রলীগের সভাপতি মো. পলাশকে আটক করে।স্থানীয় সূত্র জানায়, প্রতিমন্ত্রী শিরিন শারমিন চৌধুরী জয়াগ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে শনিবার দুপুর ১২টায় জয়াগ কলেজের মাঠে এক মতবিনিময় সভা করার কথা। সে জন্য আগে থেকে কলেজের মাঠে একটি মঞ্চ তৈরি করা হয়। কলেজ কর্তৃপক্ষও প্রতিমন্ত্রীকে স্বাগত জানানোর প্রস্তুতি নেয়।সকালে মঞ্চের পাশে ছাত্রলীগ কলেজ শাখার সভাপতি পলাশ প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে তাঁর ছবিসংবলিত একটি ব্যানার টানান। এতে স্থানীয় যুবলীগের নাছিরসহ কয়েকজন অসন্তুষ্ট হয়ে বেলা সাড়ে ১১টার দিকে ব্যানারটি ছিঁড়ে ফেলেন। এ খবর শোনে পলাশ ক্ষিপ্ত হয়ে দলবল নিয়ে দুপুর ১২টায় সেখানে হাজির হন। এ সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতি এবং সভামঞ্চ ভাঙচুর হয়। পরে প্রতিমন্ত্রী বিকেলে কলেজে এসে শুধু তাঁদের সমস্যা নিয়ে আলোচনা করে ফিরে যান।কলেজের অধ্যক্ষ হারুনুর রশীদ জানান, দুপুর ১২টার দিকে দুই দল যুবক তাঁদের অভ্যন্তরীণ বিরোধ নিয়ে সেখানে মারামারিতে লিপ্ত হয়। এ সময় তাঁরা মঞ্চ ও চেয়ার ভাঙচুর করে। সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কলেজ ছাত্রলীগের সভাপতি পলাশকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল। শনিবার রাতে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।