ছাত্র ও যুবলীগের হামলায় আহত ৫
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ১০ নম্বর ভাটরা ইউনিয়নের দল্টাবাজারে দোকানঘর দখলকে কেন্দ্র করে ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতার নেতৃত্বে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় নারীসহ পাঁচজন আহত হন। এ সময় ওই হামলাকারীরা তিনটি দোকান ভাঙচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রামগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি এমরান হোসেন ও উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈকত মাহমুদের নেতৃত্বে একদল সন্ত্রাসী শুক্রবার বিকেল পাঁচটার দিকে মোটরাসাইকেলযোগে দল্টাবাজারে আসে। এ সময় তারা আওয়ামী লীগের কর্মী ব্যবসায়ী আবু তাহেরের দোকানে হামলা চালিয়ে মালামাল লুট করে নিয়ে যায়। একই সময় আবু তাহেরের অপর দোকান হালিমা গার্মেন্টস ও একটি মুরগির খামারে হামলা চালায়। হামলায় আবু তাহের, জাকির হোসেন ও হেলাল পাটোয়ারী আহত হন।আবু তাহের পাটোয়ারী বলেন, ‘স্থানীয় ব্যবসায়ী মুক্তিযোদ্ধা হাছিব আলম জিন্নাহ ভাড়াটিয়া সন্ত্রাসী এনে তাঁর তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়েছে। সন্ত্রাসীরা বাড়িতে গিয়ে আমার স্ত্রী হালিমা খাতুন ও বোন ফাতেমাকে মারধর করে।’ মুক্তিযোদ্ধা হাছিব আলম জিন্নাহ বলেন, ‘আবু তাহের আমার একজন ভাড়াটিয়া। দীর্ঘ সময় সে আমার দোকান ভাড়া নিয়ে ব্যবসা করছে। গত এক বছরে সে দোকানের ভাড়া না দিয়ে সম্প্রতি ঘরটি নিজের দাবি করে। এ জন্য আমার আত্মীয়স্বজন শুক্রবার বিকেলে ঘরটি উদ্ধার করতে যায়।’বাজারের ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মো. ইলিয়াছ জানান, বিকেল পাঁচটার পর একদল সন্ত্রাসী বাজারে অর্ধশতাধিক মোটরসাইকেল নিয়ে মহড়া দেয়। এ সময় সন্ত্রাসীরা বাজারের কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালায়। ব্যবসায়ী আবু তাহেরের ছেলে মো. মনির হোসেন জানান, সন্ত্রাসীদের হুমকির কারণে তিনি রামগঞ্জ শহরে উঠতে সাহস পাচ্ছেন না এবং ভয়ে থানায় মামলাও করতে পারছেন না।উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈকত মাহমুদ জানান, ‘আমি ঘটনার ধারে-কাছেও ছিলাম না। এ ব্যাপারে কিছু বলতেও পারব না।’উপজেলা যুবলীগের সভাপতি এমরান হোসেনের মুঠোফোনে ফোন করে বারবার কথা বলার চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) করিম ভূঁইয়া বলেন, ‘দোকানঘর উদ্ধারের জন্য ৮-১০টি মোটরসাইকেল দল্টাবাজারে যায়। একটি দোকানে তালা দিয়েছে শুনেছি। লুটপাটের খবর সত্য নয়।’