ছাত্র ও যুবলীগের ১৯ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরায় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে ছাত্রলীগের কর্মী আজাদ (২০) গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার ঘটনায় জেলা ছাত্রলীগ ও যুবলীগের ১৯ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। গত বুধবার রাতে আজাদের মা রাবেয়া বেগম বাদী হয়ে মাগুরা সদর থানায় ওই মামলা করেন।মামলায় সাতজনের নাম উল্লেখ করা হয়। তাঁরা হলেন জেলা ছাত্রলীগের সহসভাপতি রুহুল আমীন ও সদস্য খায়রুল আলম এবং যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য হেদায়েত হোসেন, মো. নিশান, শরিফুল ইসলাম, নিজাম উদ্দিন ও ওসমান গনি। তাঁদের বাড়ি শহরতলির পারনান্দুয়ালী ও বরুনাতৈল গ্রামে। এ ছাড়া আরও অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়।জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আলী হোসেন প্রথম আলোর কাছে রুহুল আমীন ও খায়রুল ইসলাম ছাত্রলীগের নেতা বলে নিশ্চিত করেছেন। তিনি বলেন, অন্যরা যুবলীগের নেতা-কর্মী।তবে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, খায়রুল ছাত্রলীগের সঙ্গে থাকলেও ছাত্রলীগের কমিটিতে নেই। আগে তিনি ছাত্রদল-ছাত্রশিবিরের সঙ্গে ছিলেন। জেলা যুবলীগের আহ্বায়ক এনামুল হক বলেন, মামলার পাঁচজন আসামি যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য। মাগুরা সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মাহের বলেন, ওই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। মামলাটি হত্যা ও বিস্ফোরক আইনে নথিভুক্ত করা হয়েছে। জেলা আওয়ামী লীগ বুধবার বিকেলে জরুরি বৈঠক করে আজাদ হত্যাকাণ্ডসহ সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে দুই সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। মাগুরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু ওই জরুরি বৈঠক ও তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।