খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক ও দুই ছাত্রকে পুলিশ লাঞ্ছিত করায় গতকাল মঙ্গলবার শিক্ষার্থীরা খুলনা-সাতক্ষীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন৷ শিক্ষকেরাও ক্যাম্পাসের সামনে পুলিশের শাস্তির দাবিতে মানববন্ধন করেন৷ এ ঘটনায় এক পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে৷
শিক্ষক, পুলিশ ও শিক্ষার্থীদের সঙ্গে কথা জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র উচ্ছ্বাস ও মিলনকে গত সোমবার রাতে গল্লামারী পুলিশ বক্সের কর্তব্যরত সদস্যরা তল্লাশি করেন। একপর্যায়ে ওই দুজনের সঙ্গে পুলিশের কথা-কাটাকাটি হয়। পরে উচ্ছ্বাস ও মিলনকে লাঞ্ছিত করে পুলিশ। তাঁরা ক্যাম্পাসে ফিরে বন্ধুদের ঘটনাটি জানান। রাত সাড়ে নয়টার দিকে দুই শতাধিক ছাত্র গল্লামারী ট্রাফিক মোড়ে হাজির হন। এ সময় তাঁরা পাঁচ-ছয়টি ইজিবাইক ভাঙচুর করেন। সড়কের পাশের দোকানপাটে ইটপাটকেল ছুড়তে থাকেন।
খবর পেয়ে সোনাডাঙ্গা থানা থেকে পুলিশের একাধিক দল ঘটনাস্থলে আসে৷ এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। প্রায় ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টাধাওয়া চলে। পুলিশ ছাত্রদের লাঠিপেটা করে৷ ছাত্ররাও গল্লামারী পুলিশ বক্সে ভাঙচুর চালান। একপর্যায়ে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছুড়লে ছাত্ররা পিছু হটেন৷ পরে বিষয়টি নিরসন করতে বিশ্ববিদ্যালয়ের সহকারী ছাত্রবিষয়ক পরিচালক সৈকত মণ্ডল সেখানে যান৷ এ সময় পুলিশ তাঁকে বেধড়ক পেটায়। এ ঘটনায় গতকাল সকাল থেকে শিক্ষক ও ছাত্র পেটানো ওই পুলিশ সদস্যদের অপসারণের দাবি করে তাঁরা খুলনা-সাতক্ষীরা মহাসড়ক অবরোধ করেন। বেলা সাড়ে তিনটায় অবরোধ তুলে নেওয়া হয়।