ছাত্র খুনের ঘটনার পাঁচ দিন পর আজ সোমবার খুলে দেওয়া হচ্ছে চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়। তবে বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের মধ্যে ব্যবসায় প্রশাসন অনুষদ বন্ধ থাকবে। গতকাল রোববার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের বিবিএ (ব্যবসায় প্রশাসন) ২৩তম ব্যাচের বিদায় অনুষ্ঠান নিয়ে বিরোধের জের ধরে গত মঙ্গলবার দুপুরে ওয়াসা ক্যাম্পাসে ছুরিকাঘাত করে হত্যা করা হয় নাসিম আহমেদ ওরফে সোহেলকে। তিনি বিশ্ববিদ্যালয়ের এমবিএর শিক্ষার্থী ছিলেন। হত্যাকাণ্ডের পর ক্ষুব্ধ শিক্ষার্থী ও বহিরাগতরা নগরের প্রবর্তক মোড়ে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস ও ওয়াসা ক্যাম্পাসে ভাঙচুর চালান। ওই দিনই বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার থেকে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে। তবে ব্যবসায় প্রশাসন অনুষদ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আহমেদ রাজীব চৌধুরী বলেন, ‘ব্যবসায় প্রশাসন অনুষদ ছাড়া অন্যান্য অনুষদে সোমবার থেকে শিক্ষা কার্যক্রম শুরু হবে। খোলার প্রথম দিন বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষকেরা বৈঠক করে পরীক্ষার সময়সূচি নির্ধারণ করবেন।’