ছাত্র খুনের পাঁচ দিন পর খুলেছে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্র খুনের ঘটনার পাঁচ দিন পর আজ সোমবার সকালে খুলেছে চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়। আজ ব্যবসায় প্রশাসন অনুষদ ছাড়া অন্যান্য অনুষদে ক্লাস হয়েছে। এসব অনুষদে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল প্রায় স্বাভাবিক। তবে ভবিষ্যতে ক্যাম্পাসে যাতে ছাত্র খুনের মতো ঘটনা না ঘটে, সে জন্য কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। তাঁরা এর সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

বিশ্ববিদ্যালয়ের বিবিএ (ব্যবসায় প্রশাসন) ২৩তম ব্যাচের বিদায় অনুষ্ঠান নিয়ে বিরোধের জের ধরে গত ২৯ মার্চ দুপুরে চট্টগ্রাম নগরের ওয়াসা ক্যাম্পাসে ছুরিকাঘাতে হত্যা করা হয় নাসিম আহমেদ ওরফে সোহেলকে (২৪)। তিনি বিশ্ববিদ্যালয়ের এমবিএর শিক্ষার্থী ও নগর ছাত্রলীগের সদস্য ছিলেন। হত্যাকাণ্ডের পর ক্ষুব্ধ শিক্ষার্থী ও বহিরাগতরা নগরের প্রবর্তক মোড়ে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস ও ওয়াসা ক্যাম্পাসে ভাঙচুর চালান। ওই দিনই বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আহমেদ রাজীব চৌধুরী প্রথম আলোকে বলেন, প্রথম দিন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশে শিক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

এ দিকে নাসিম আহমেদের হত্যাকারীদের বিচারের দাবিতে আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের ওয়াসা ক্যাম্পাসের সামনে মানববন্ধন করেছেন ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষার্থীরা। এতে বিবিএ ও এমবিএর বিভিন্ন ব্যাচের প্রায় ১০০ শিক্ষার্থী অংশ নেন। প্রায় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে ‘এ কেমন বন্ধুত্ব! সোহেল হত্যার বিচার চাই’, ‘ছাত্র রাজনীতি বন্ধ কর, সোহেল হত্যার বিচার কর’, ‘সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস চাই, সোহেল হত্যার বিচার চাই’, ‘শিক্ষাকেন্দ্রে সন্ত্রাস বন্ধ হোক, সোহেল হত্যার বিচার হোক’, ‘খুনিরা এখন ধরাছোঁয়ার বাইরে কেন? প্রশাসন জবাব চাই’, ‘আমরা রাজনীতি বুঝি না, আমরা আমাদের ভাইয়ের রক্তের বিচার চাই’, ‘ক্ষমা করিস সোহেল, এ দেশে ক্রিকেটার নিষিদ্ধ হলে আন্দোলন হয়, নিরীহ ছাত্র হত্যায় নয়’—শীর্ষক বিভিন্ন প্ল্যাকার্ড বহন করেন শিক্ষার্থীরা।

মানববন্ধনে অংশ নেওয়া ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষার্থী সামির সাকিব চৌধুরী, ইফতেখার উদ্দিন ও মুন্না আজাদ প্রথম আলোকে বলেন, ক্যাম্পাসে নাসিমের খুনের ঘটনায় শিক্ষার্থীরা ভীতসন্ত্রস্ত। তাঁদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ঘটনার এত দিন হয়ে গেলেও মূল আসামি সোহানকে এখনো গ্রেপ্তার করা হয়নি। সোহানসহ বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার না করা পর্যন্ত শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাবেন বলে তাঁরা জানান। একই দাবিতে আগামী বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।

আজ সোমবার দুপুরে প্রবর্তক মোড়ে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের কেন্দ্রীয় গ্রন্থাগারে গিয়ে দেখা যায়, কিছু শিক্ষার্থী সেখানে বসে পড়াশোনা করছেন। পাশের প্রকৌশল অনুষদ ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিভাগের সামনে দলে দলে ভাগ হয়ে নিজেদের মধ্যে আড্ডা দিতে দেখা যায়। এ সময় তড়িৎকৌশল বিভাগের পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী মাহমুদুর রহমান প্রথম আলোকে বলেন, ক্যাম্পাসে ছাত্র হত্যার মতো ঘটনা একেবারেই অপ্রত্যাশিত। এর দৃষ্টান্তমূলক বিচার করতে হবে।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজ আহমেদ প্রথম আলোকে বলেন, নাসিম হত্যা মামলার পলাতক আসামি ইব্রাহিম সোহানসহ বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।