প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়
ছাত্র খুনের ২৬ দিন পর ব্যবসায় প্রশাসনের শিক্ষা কার্যক্রম চালু হচ্ছে আজ
ছাত্র খুনের ঘটনার ২৬ দিন পর আজ সোমবার থেকে শুরু হচ্ছে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষা কার্যক্রম। গতকাল রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের অন্য পাঁচটি অনুষদের শিক্ষা কার্যক্রম গত ৪ এপ্রিল থেকে চলছে।
বিশ্ববিদ্যালয়ের বিবিএ (ব্যবসায় প্রশাসন) ২৩তম ব্যাচের বিদায় অনুষ্ঠান নিয়ে বিরোধের জের ধরে গত ২৯ মার্চ দুপুরে চট্টগ্রাম নগরের ওয়াসা ক্যাম্পাসে ছুরিকাঘাত করে হত্যা করা হয় নাসিম আহমেদ ওরফে সোহেলকে (২৪)। তিনি বিশ্ববিদ্যালয়ের এমবিএর শিক্ষার্থী ও নগর ছাত্রলীগের সদস্য ছিলেন। হত্যাকাণ্ডের পর ক্ষুব্ধ শিক্ষার্থী ও বহিরাগতরা প্রবর্তক মোড়ে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস ও ওয়াসা ক্যাম্পাসে ভাঙচুর চালান। ওই দিনই বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, একটি শোকাবহ ঘটনাকে কেন্দ্র করে গত ২৯ মার্চ প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ বন্ধ ঘোষণা করা হয়েছিল। সেই ঘোষণা প্রত্যাহার করা হচ্ছে। সোমবার (আজ) থেকে ব্যবসায় প্রশাসন অনুষদে যথারীতি শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আহমেদ রাজীব চৌধুরী প্রথম আলোকে বলেন, ২৯ মার্চ ছাত্র খুনের ঘটনায় ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনে ব্যাপক ভাঙচুর চালানো হয়। সংস্কারের জন্য এত দিন এই অনুষদের শিক্ষা কার্যক্রম বন্ধ রাখতে হয়েছে। এখন সংস্কারকাজ প্রায় শেষ হয়ে যাওয়ায় অনুষদের শিক্ষা কার্যক্রম চালুর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
প্রক্টর বলেন, অনুষদের নিরাপত্তাব্যবস্থায় ক্যাম্পাসে সার্বক্ষণিক পুলিশ মোতায়েন থাকবে। পরিচয়পত্র ছাড়া কাউকে অনুষদ ভবনে প্রবেশ করতে দেওয়া হবে না।