ছাত্র ধর্মঘট অব্যাহত, উপাচার্য অবরুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সায়াদ ইবনে মোমতাজের হত্যাকারীদের বিচার ও শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘট পালন করছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।


অন্যদিকে ক্লাস-পরীক্ষা চালুর দাবিতে গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটা থেকে উপাচার্যকে তাঁর বাসভবনে অবরুদ্ধ করে রেখেছেন অনুষদীয় ছাত্র সমিতির নেতা-কর্মীরা। এদিকে আগামীকাল সিন্ডিকেটের জরুরি সভা করে বিশ্ববিদ্যালয় স্থিতিশীল করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে প্রথম আলোকে জানিয়েছেন উপাচার্য মো. রফিকুল হক।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, সায়াদ হত্যার পরদিন থেকে বিচারের দাবিতে আন্দোলন করে আসছেন সাধারণ শিক্ষার্থীরা। সম্পূরক তদন্ত কমিটির মাধ্যমে সব খুনিদের শাস্তির আওতায় আনা ও সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে আজ দ্বিতীয় দিনের মতো তাঁরা সর্বাত্মক ছাত্র ধর্মঘট পালন করছেন। সকাল নয়টার দিকে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে প্রশাসনিক ভবনের প্রধান ফটকের সামনে সমবেত হন। পরে তাঁরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি বিভিন্ন অনুষদ প্রদক্ষিণ করে ফের প্রশাসন ভবনের সামনে গিয়ে শেষ হয়।

সেখানে এক সমাবেশে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা বলেন, প্রশাসন তাঁদের দাবি-দাওয়া নিয়ে টালবাহানা শুরু করেছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ছাত্র ধর্মঘট অব্যাহত থাকবে।

এদিকে ক্লাস-পরীক্ষা শুরুর দাবিতে উপাচার্য মো. রফিকুল হকের বাসভবন ঘেরাও ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের অনুষদীয় ছাত্র সমিতির নেতা-কর্মীরা। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে তাঁরা উপাচার্যের বাসভবন ঘেরাও করেন। ফলে উপাচার্য তাঁর বাসভবনে অবরুদ্ধ হয়ে পড়েছেন।

ছাত্র সমিতির নেতারা অভিযোগ করে বলেন, গতকাল রাতে তাঁরা উপাচার্যের বাসভবনের ভেতরের ফটকে অবস্থান নিলে পুলিশ তাঁদের লাঠিপেটা করে। পরে তাঁরা উপাচার্যের বাসভবনের বাইরের ফটকে অবস্থান করেন। এ সময় তাঁরা উপাচার্যের পদত্যাগ দাবি করেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাসভবনে উপাচার্য বিভিন্ন পর্যায়ে বৈঠক করছেন বলে জানা গেছে।

উপাচার্য প্রথম আলোকে বলেন, ‘আজ আমি সায়াদ হত্যার বিচার করেছি বলে আমার বাসভবন ঘেরাও করে রাখা হয়েছে। অপরাধীদের শাস্তি দিয়েছি বলে ছাত্র সমিতির নেতা-কর্মীরা আমার পদত্যাগ দাবি করছে ও অকথ্য ভাষায় গালাগাল করছে। আমাকে অবরুদ্ধ করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। যাদের ছত্রচ্ছায়ায় তারা অপরাধ করেছে, আমি তাদের অব্যাহতি দিয়েছি। তাদের কাছ থেকে ছাত্রসুলভ আচরণ আশা করছি।’