রাজশাহী বিশ্ববিদ্যালয় নাট্যকলা ও সংগীত বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মোরশেদ বিল্লাহ দুই মাস ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ওই ছাত্রের পরিবারের সদস্যদের অভিযোগ, তাঁকে অপহরণ করা হয়েছে।মোরশেদ বিল্লাহর বাড়ি সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলার দক্ষিণ পুস্তিগাছা গ্রামে। তাঁর বাবার নাম মোজাফ্ফর হোসেন।মোরশেদ বিল্লাহর ছোট ভাই মেহেদী হাসান জানান, গত ২৬ জুন বিকেল পাঁচটায় মোরশেদ বিল্লাহ বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে বাড়ি থেকে রওনা দেন। ২৭ জুন সকালে বাড়ি থেকে ফোন করা হলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। বাড়ির লোকজন মোরশেদের সহপাঠীদের সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন তিনি (মোরশেদ) এখনো বিশ্ববিদ্যালয়ে পৌঁছাননি। পরে অনেক জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি। শেষ পর্যন্ত ২১ জুলাই তিনি (মেহেদী হাসান) সিরাজগঞ্জের সলঙ্গা থানায় অপহরণের মামলা দায়ের করেন। মামলায় অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে একই গ্রামের আবু বক্কর, বাচ্চু মিয়া, ফারুক ও দক্ষিণ কালিকাপুর গ্রামের মোস্তফা ও আবদুস সাত্তারকে আসামি করা হয়।মেহেদী হাসান আরও জানান, মামলায় যাঁদের আসামি করা হয়েছে তাঁদের পক্ষ থেকে তাঁর পরিবারের সদস্যদের হুমকিও দেওয়া হচ্ছে। এ কারণে পরিবারের সদস্যরাসহ তিনি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন। তিনি অবিলম্বে মোরশেদ বিল্লাহকে উদ্ধার করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ, বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সবার প্রতি আহ্বান জানান।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক চৌধুরী মোহাম্মদ জাকারিয়া বলেন, সলঙ্গা থানাকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে অনুরোধ করা হবে। সলঙ্গা থানার ওসি ফাওজুল ইসলাম জানান, অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।