ছাত্র পরিষদ নির্বাচনেও জাল ভোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফলে মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসায় ছাত্র পরিষদ নির্বাচনে দাসপাড়া খাজুরবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে বহিরাগত ব্যক্তিদের জাল ভোট প্রদানে বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন ব্যক্তি আহত হয়েছে। আটক করা হয়েছে এক বহিরাগত কিশোরকে। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটেছে।
উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, শিশুকাল থেকে গণতন্ত্রের চর্চা এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার লক্ষ্যে সরকারি নির্দেশ অনুযায়ী গতকাল বৃহস্পতিবার বাউফল উপজেলার ৫৯টি মাধ্যমিক বিদ্যালয় ও ৫৮টি দাখিল মাদ্রাসায় ছাত্র পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানেই ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে থেকে আটজন পরিষদে নির্বাচিত হয়। এ উপজেলায় নির্বাচনপ্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হলেও দাসপাড়া খাজুরবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে অল্প সময়ের জন্য একটু সমস্যা হয়।
গতকাল বেলা দেড়টার দিকে সরেজমিনে দাসপাড়া খাজুরবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে সাইফুল ইসলাম (১৭) নামে এক কিশোর আরও দুজনকে সঙ্গে নিয়ে ভোটকক্ষে ঢুকে জোরপূর্বক ভোট দিতে চায়। ওই সময় ভোট গ্রহণের দায়িত্বে থাকা নির্বাচন কমিশনার অষ্টম শ্রেণির ছাত্র মো. রাব্বি এতে বাধা দেয়। তখন সে রাব্বিকে কিল-ঘুষি মারে। এ সময় দুজনের মধ্যে সংঘর্ষ বাধে। একপর্যায়ে বিদ্যালয়ের অন্য শিক্ষার্থীরা এসে সাইফুলকে পিটুনি দেয় এবং আটক করে ফেলে। ততক্ষণে সাইফুলের সঙ্গে থাকা দুই কিশোর পালিয়ে যায়। এতে রাব্বি (১৩), আলামিন (১৪) ও সাইফুল (১৭) আহত হয়।
আটক সাইফুল জাল ভোট দিতে আসার কথা স্বীকার করে বলে, ‘আমি বহিরাগত ছাত্র। স্থানীয় একটি ফাজিল মাদ্রাসা থেকে এ বছর দাখিল পরীক্ষা দিয়েছি। এই বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্র ও পরিষদ পদপ্রার্থী মো. রিয়াজ আমাকে জাল ভোট দেওয়ার জন্য এনেছে। সে দাসপাড়া গ্রামের বাসিন্দা।’ রিয়াজ অনুপস্থিত থাকায় তার সঙ্গে কথা বলা যায়নি।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. রেজাউল করিম সত্যতা স্বীকার করে বলেন, স্টুডেন্ট কেবিনেট নির্বাচনে তাঁর বিদ্যালয়ে মোট ভোটার ২৫০। মোট প্রার্থী ১৬ জন। এর মধ্যে আটজন নির্বাচিত হয়েছে। বহিরাগত সাইফুলের বিষয়ে তিনি বলেন, বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সংযত করা না গেলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারত। তবে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করা হয়েছে।
ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, ‘এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার অন্য সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র পরিষদ নির্বাচন আনন্দঘন পরিবেশে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।