প্রগতিশীল ছাত্রজোটের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র পেটানো পুলিশ কর্মকর্তা নগরের মতিহার অঞ্চলের সহকারী কমিশনার (এসি) আবুল হাসনাতের শাস্তিসহ চার দফা দাবি জানিয়েছে। ছাত্রফ্রন্ট গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে এই দাবি জানায়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক উৎসব মোসাদ্দেক। লিখিত বক্তব্যে ২০০৯ সালের ১২ মে বিশ্ববিদ্যালয়ে জারি করা জরুরি আইন প্রত্যাহারের দাবি জানানো হয়। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের মতো একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পুলিশ কমিশনারকে দেওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। এ সময় অবিলম্বে ছাত্রজোটের মিছিলে হামলাকারী এসি আবুল হাসনাতের দৃষ্টান্তমূলক শাস্তি, রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার, রাকসু ও টিএসসি সচল করে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতকরণ এবং ক্যাম্পাস থেকে পুলিশ প্রত্যাহার করে নিরাপত্তার দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনকে গ্রহণের দাবি জানানো হয়। প্রগতিশীল ছাত্রজোটের ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে গতকাল বিকেল চারটায় রাজশাহী সাহেব বাজার জিরো পয়েন্টে তাঁরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। একই দাবিতে আগামী ১৬ অক্টোবর সাহেব বাজার জিরো পয়েন্টে প্রগতিশীল শিক্ষক, বুদ্ধিজীবী, লেখক, সাহিত্যিক, সাংবাদিক এবং সব সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে সংহতি সমাবেশ হবে। আগামী ১৮ অক্টোবর থেকে পূজা ও ঈদ উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছুটি হওয়ায় প্রগতিশীল ছাত্রজোটের আন্দোলন স্থগিত থাকবে। সংবাদ সম্মেলনে ছাত্রজোটে অন্তর্ভুক্ত তিনটি ছাত্রসংগঠন বিপ্লবী ছাত্র মৈত্রী, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট এবং ছাত্র ফেডারেশনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পুলিশ কমিশনারের কার্যালয় সূত্রে জানা গেছে, এসি আবুল হাসনাতকে ১০ অক্টোবর বিশ্ববিদ্যালয়ে ছাত্র পেটানোর মতো ‘অপরিণত আচরণ’ করার জন্য কৈফিয়ত তলব করা হয়েছে।