ছাত্র পেটানোয় কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে একটি আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠানের দুই ছাত্রকে পিটিয়ে আহত করার দায়ে দুই শিক্ষককে এক বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার দুপুরে ফরিদপুরের নেজারত ডেপুটি কালেক্টরেট (এনডিসি) শাহরীয়ার মতিন এ দণ্ড দিয়ে শিক্ষকদের জেলা কারাগারে পাঠান। দণ্ডপ্রাপ্ত শিক্ষকেরা হলেন—ফরিদপুরের শাহীন আবাসিক স্কুলের গণিতের শিক্ষক ঝিনাইদহের শৈলকুপার পলাশ আলী (২৪) ও বাণিজ্যিক ভূগোল বিষয়ের শিক্ষক ঢাকার ধামরাই উপজেলার ইউসুফ আলী (৫০)। ফরিদপুর শহরের ঝিলটুলী মহল্লার একটি পাঁচতলা ভবনে বছর খানেক আগে টাঙ্গাইলের শাহীন স্কুলের সম্প্রসারণ হিসেবে শাহীন স্কুল প্রতিষ্ঠিত হয়। আবাসিক এই প্রতিষ্ঠানে তৃতীয় থেকে দশম শ্রেণী পর্যন্ত ৮৫ জন ছাত্র গাদাগাদি করে থেকে পড়াশোনা করে। শিক্ষার্থীরা জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে দশম শ্রেণীর ছাত্র ফরিদপুরের ভাঙ্গার হোগলাকান্দি গ্রামের রাজীবুল হাসান এক শিক্ষককে বলে দোকান থেকে কয়েল কিনতে বাইরে যায়। ছাত্রটি ফিরে এলে গণিত শিক্ষক পলাশ আলী একটি বেত নিয়ে রাজীবুলকে বেদম পেটান। একপর্যায়ে বেতটি ভেঙে গেলে উপর্যুপরি ঘুষি মেরে ছাত্রটিকে আহত করেন ওই শিক্ষক। এতে ওই ছাত্রের নাক ফেটে যায়। তাকে ফরিদপুর জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। একই দিন সকালে বাণিজ্যিক ভূগোল বিষয়ের শিক্ষক ইউসুফ আলী দশম শ্রেণীর অপর এক ছাত্র সুমনকে পিটিয়ে আহত করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, এ খবরে এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে ওঠেন।আদালতের বিচারক এনডিসি শাহরীয়ার মতিন বলেন, ওই দুই ছাত্রকে যেভাবে প্রহার করা হয়েছে এতে তাদের প্রাণহানি হতে পারত। তা ছাড়া যে প্রতিশ্রুতি দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানটি চালু করা হয়েছে এবং ছাত্ররা প্রতি মাসে যে পরিমাণ অর্থ দেয়, তার বিনিময়ে প্রত্যাশিত সেবা না পাওয়ায় ভোক্তা অধিকার আইনের ৫২ ও ৫৩ ধারায় দোষী সাব্যস্ত করে ওই দুই শিক্ষককে এক বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।