বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
ছাত্র প্রহারের অভিযোগে ছাত্রলীগের তিন কর্মীকে হল ত্যাগের নির্দেশ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শহীদ নাজমুল আহসান হলে চোর সন্দেহে এক ছাত্রকে মারধরের অভিযোগে ওই হলে অবস্থানরত ছাত্রলীগের তিন কর্মীকে হল ত্যাগের নির্দেশ এবং এক ছাত্রকে কারণ দর্শনোর নোটিশ দেওয়া হয়েছে।সংশ্লিষ্ট ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গত শুক্রবার রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ নাজমুল আহসান হলের ‘এ’ ব্লকের ১০২ নম্বর কক্ষের আবাসিক ছাত্র জাকারিয়া তালা ভেঙে ১০৫ নম্বর কক্ষে ঢোকার চেষ্টা করলে হলের অন্য ছাত্ররা বিষয়টি টের পেয়ে যান। পরে তাঁকে দরজা খোলার চেষ্টার কারণ জিজ্ঞাসা করে কোনো সদুত্তর না পেয়ে ছাত্রলীগের কয়েকজন কর্মী তাঁকে মারধর করেন। প্রহূত ছাত্রের অভিযোগের ভিত্তিতে গত শনিবার বৈঠকে বসে হল প্রশাসন। বৈঠকে ছাত্র প্রহারের অভিযোগে মাৎস্যবিজ্ঞান অনুষদের লেভেল-৩ সেমিস্টার-২-এর ফারুক, একই অনুষদের লেভেল-১ সেমিস্টার-২-এর আশিকুর রহমান এবং পশুপালন অনুষদের লেভেল-২ সেমিস্টার-২-এর আরিফ মাহমুদকে রোববার বিকেল চারটার মধ্যে হল ত্যাগের চূড়ান্ত নোটিশ দেওয়া হয় এবং সেই সঙ্গে মাৎস্যবিজ্ঞান অনুষদের লেভেল-২ সেমিস্টার-২-এর ছাত্র আবদুল্লাহ-আল-নোমানকে আগামী সাত দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য নোটিশ দেওয়া হয়।এদিকে হল কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের প্রতিবাদে গত শনিবার রাতে প্রাধ্যক্ষের পদত্যাগের দাবিতে নাজমুল আহসান হলের ছাত্রলীগের নেতা-কর্মীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন।হলের প্রাধ্যক্ষ মো. রফিকুল ইসলাম খান বলেন, ‘যাঁদের হল ত্যাগের নির্দেশ ও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে, তাঁরা এই হলের বৈধ ছাত্র নন। তা ছাড়া চোর সন্দেহে এক ছাত্রকে প্রহার করে তাঁরা আইন নিজের হাতে তুলে নিয়েছেন।’হল ত্যাগের নির্দেশ পাওয়া ছাত্র আরিফ মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘সম্পূর্ণ অনৈতিকভাবে তাঁদের হল ত্যাগের নির্দেশ ও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। কাজেই তাঁরা হল ত্যাগ করবেন না।’