ছাত্র বিক্ষোভের মুখে সেই অধ্যক্ষকে বাধ্যতামূলক ছুটি
ছাত্র নির্যাতনের ঘটনায় কুষ্টিয়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবু দারদা মো. আরিফ বিল্লাহকে এক মাসের বাধ্যতামূলক ছুটি দেওয়া হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে ছাত্রদের বিক্ষোভের মুখে পুলিশ সুপার (এসপি) তাঁকে এ ছুটি দেন।এদিকে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে অধ্যক্ষ আবু দারদা ৩০/৩৫জন ছাত্রকে বেত্রাঘাত করার কথা স্বীকার করেছেন। অধ্যক্ষের অপসারণের দাবিতে গতকাল সকাল আটটা থেকে ১০টা পর্যন্ত দুই ঘণ্টা বিক্ষোভ সমাবেশ করে প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকেরা। ক্লাস শুরুর আগে সমাবেশে (অ্যাসেম্বলি) যোগ না দিয়ে তারা এ বিক্ষোভ সমাবেশ করে। সকাল ৮টায় স্কুলে গিয়ে দেখা যায়, অষ্টম, নবম ও দশম শ্রেনীর কয়েক শ শিক্ষার্থী ব্যানার নিয়ে অধ্যক্ষের অপসারণের দাবিতে স্কুলের মাঠে বিক্ষোভ মিছিল করছে। সোয়া ৮টার দিকে সমাবেশে (অ্যাসেম্বলি) শুরু হলেও অনের শিক্ষার্থী তাতে যোগ দেয়নি। তারা ক্লাশ বর্জন করে বিক্ষোভ করতে থাকে। কয়েকজন অভিভাবকও শিক্ষার্থীদের সঙ্গে বিক্ষোভে যোগ নেয়। শিক্ষকেরা বিক্ষোভ থামাতে ব্যর্থ হন। এসময় অধ্যক্ষ দোতালায় তার কার্যালয়ে ছিলেন। খবর পেয়ে পুলিশ লাইনের কর্মকর্তা (আরআই) রকিব উদ্দিন ঘটনাস্থলে এসে মাইকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘অধ্যক্ষের বিচার হবে, বিচার হবে, হবেই। একটা ব্যক্তির জন্য পুরো প্রতিষ্ঠান নষ্ট হতে পারে না।’ সাড়ে ৮টার দিকে সেখানে অতিরিক্ত পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা উপস্থিত হয়ে শিক্ষার্থীদের বলেন, বৃহস্পতিবারের ঘটনাটি পুলিশ লাইনের ইতিহাসে নিন্দনীয়, দুঃখজনক ও ন্যক্কারজনক। ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। সকাল ৯টার দিকে প্রতিষ্ঠানের সভাপতি কুষ্টিয়ার পুলিশ সুপার মফিজ উদ্দিন আহমেঞ্চদ এসে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, তদন্ত প্রতিবেদনে ঘটনা প্রমাণিত হলে অব্যশই অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ সুপারকে সামনে পেয়ে অধ্যক্ষের অপসারণ চেয়ে এক অভিভাবক কান্নাজড়িতকণ্ঠে বলেন, ‘ছোট ছোট ছেলেমেয়েরা লাঠি পেটার দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েছে। তারা স্কুলে আসতে ভয় পাচ্ছে।’