ছাত্র ভর্তি নিয়ে রাজশাহী কলেজে উপাধ্যক্ষ লাঞ্ছিত
ছাত্র ভর্তি কেন্দ্র করে গতকাল বুধবার জাতীয় পার্টির ছাত্র সংগঠন ছাত্রসমাজের নেতা-কর্মীদের হাতে রাজশাহী কলেজের উপাধ্যক্ষ লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় শিক্ষক ও সাধারণ ছাত্ররা একজনকে ধরে পুলিশে দিয়েছে। কলেজ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার কলেজে উচ্চমাধ্যমিক শ্রেণীতে বিজ্ঞান বিভাগে ভর্তি চলছিল। এ সময় প্রাণিবিজ্ঞান বিভাগের শেষবর্ষের ছাত্র ও মহানগর ছাত্রসমাজের সহসভাপতি শাহীন ও বাদশা ১০-১২ জনকে নিয়ে অনিয়মের অভিযোগ তুলে চেয়ার-টেবিলসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করেন। এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ শাহীন ও তাঁর ১০-১২ জন সঙ্গীর নামে বোয়ালিয়া থানায় সাধারণ ডায়েরি করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা একটার দিকে জাতীয় পার্টির রাজশাহী মহানগর কমিটির সাধারণ সম্পাদক এস এম জোহা ২০-৩০ জন কর্মী নিয়ে কলেজের প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় অধ্যক্ষের কক্ষে যান। মীমাংসার কথা বলে তিনি অধ্যক্ষ ও উপাধ্যক্ষকে সঙ্গে নিয়ে নিচে নেমে আসেন। একপর্যায়ে উত্তেজনা দেখা দেয় এবং মহানগর ছাত্রসমাজের সভাপতি মুনসুর রহমানের হাতে লাঞ্ছিত হন হাবিবুর রহমান। পরে সাধারণ ছাত্ররা মুনসুরকে পিটিয়ে পুলিশে সোপর্দ করেন। জাতীয় পার্টির মহানগর কমিটির সাধারণ সম্পাদক এস এম জোহা বলেন, ভর্তির কোটার দাবিতে নয়, ছাত্র ভর্তির অনিয়মের বিরুদ্ধে কথা বলতে গিয়েছিলো ছেলেরা। অধ্যক্ষ আলী রেজা মো. আবদুল মজিদ বলেন, তাঁরা কয়েক দিন তাঁকে গোল্ডেন জিপিএর নিচের ছাত্রদের ভর্তির জন্য পীড়াপীড়ি করছিলেন।