ছাত্র মন্ত্রিপরিষদ গঠনে স্কুল ও মাদ্রাসায় নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওদের কারও বয়স ১১, কারও ১২। ভোটার হওয়ার বয়স হয়নি। কিন্তু ভোট দেওয়ার সুযোগ পেল তারা। তাদের ভোটেই গতকাল শনিবার নির্বাচিত হয়েছে মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে ‘স্টুডেন্টস কেবিনেট’ বা ছাত্র মন্ত্রিপরিষদ।
শিশু-কিশোর বয়স থেকে শিক্ষার্থীদের গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল করার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় এই ছাত্র মন্ত্রিপরিষদ নির্বাচনের আয়োজন করেছে। গতকাল পরীক্ষামূলকভাবে দেশের ১ হাজার ৪৩টি মাধ্যমিক স্তরের বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে এ নির্বাচন হয়। এর আগে ২০১০ সাল থেকে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ‘স্টুডেন্ট কাউন্সিল’ নির্বাচন হচ্ছে।
নির্বাচন উপলক্ষে ঢাকার দুই শিক্ষাপ্রতিষ্ঠানসহ সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ছিল উৎসবের আমেজ। ভোট বাক্সে যেমন ভোট দিতে হয়েছে, তেমনি হাতে লেখা পোস্টারের মাধ্যমে চাওয়া হয় ভোট।
প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে আটজনের মন্ত্রিসভা গঠন করা হবে। এর মধ্যে ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে একজন করে এবং অষ্টম, নবম ও দশম শ্রেণিতে দুজন করে প্রতিনিধি থাকবে। তারা বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা, পরিবেশ সুন্দর রাখাসহ নানা কাজে অংশ নেবে। এ জন্য নির্বাচিত প্রতিনিধিদের একেকজন একেকটি বিষয়ের দায়িত্বে থাকবে।
গতকাল রাজধানীর মিরপুর ১০ নম্বরের আদর্শ উচ্চবিদ্যালয়ে গিয়ে দেখা যায়, সকাল থেকেই ছিল উৎসবের আমেজ। স্কুল প্রাঙ্গণে ঢুকতেই চোখে পড়ে লাল, নীল, সবুজ রঙের কাগজের ওপর হাতে লেখা পোস্টার। ষষ্ঠ থেকে দশম শ্রেণির খুদে ভোটারদের কাছে ভোট চেয়েছে তাদেরই সহপাঠী প্রতিদ্বন্দ্বী ১৮ প্রার্থী।
‘রাষ্ট্র করে জনগণের সেবা, নবম শ্রেণির শম্পা করবে স্কুলের সেবা’, ‘শিক্ষার্থীদের সব সমস্যার সমাধান করবে দশম শ্রেণির সাদিয়া’, ‘যোগ্য প্রার্থী হিসেবে ষষ্ঠ শ্রেণির রিমন শেখকে ভোট দিন’ এমন প্রচারণার ঘাটতি ছিল না প্রার্থীদের।
সকাল থেকে পছন্দের প্রার্থীদের সমর্থনে মিছিল করে স্কুলের শিক্ষার্থীরা। ড্রাম বাজিয়ে, স্লোগান দিয়ে আনন্দ-উল্লাস করে তারা। নির্বাচনী বুথগুলোর সামনে ছিল ভোটারদের দীর্ঘ সারি।
অষ্টম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল মাওয়া বলে, ‘এ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক চর্চার শিক্ষা পেলাম। ফল যাই হোক তা মেনে নেওয়ার নিয়ম শিখব। ভবিষ্যতে এসব শিক্ষা নিজের জীবনে কাজে লাগাতে চেষ্টা করব।’
মিরপুর আদর্শ উচ্চবিদ্যালয়ে নির্বাচন দেখতে গিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের বলেন, এই নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা স্কুলজীবন থেকেই জনগণের প্রতি দায়িত্ববোধ ও অন্যের মতামতের প্রতি সহনশীল হবে। তিনি মনে করেন, স্কুলের ছাত্রদের ‘স্টুডেন্টস কেবিনেট’ নির্বাচন দেখে বিশ্ববিদ্যালয়গুলো নৈতিক চাপে পড়বে। বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব আইন থাকার পরও তারা নানা প্রতিকূলতার কারণে নির্বাচন দেওয়ার সাহস করে না