ছাত্র মারধরের ঘটনায় দুই শিক্ষককে ঢাকার বাইরে বদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্র মারধরের ঘটনায় ধানমন্ডি গভ. ল্যাবরেটরি উচ্চবিদ্যালয়ের দুই শিক্ষককে ঢাকার বাইরে শাস্তিমূলক বদলি করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করারও সিদ্ধান্ত হয়েছে।শাস্তি পাওয়া শিক্ষকদের মধ্যে মো. আজহারুল ইসলামকে গোপালগঞ্জের গিমাডাঙ্গা সরকারি উচ্চবিদ্যালয়ে বদলি করা হয়েছে। তিনি ১ অক্টোবর প্রথম শ্রেণীর এক ছাত্রকে থাপড় মারলে সে অসুস্থ হয়ে পড়ে। শিশুটিকে হাসপাতালে পাঠাতে হয়েছিল।এ ছাড়া শিক্ষক আবদুল হালিমকে মানিকগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়ে বদলি করা হয়েছে। তাঁর বিরুদ্ধেও ছাত্র মারধরের অভিযোগ ছিল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ ভূঁইয়াকে সতর্ক করে দেওয়া হয়েছে।মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক নোমান উর রশীদ গতকাল বুধবার প্রথম আলোকে এ কথা জানিয়ে বলেন, তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় এই দুই শিক্ষককে শুধু বদলি নয়, তাঁদের বিরুদ্ধে বিভাগীয় মামলাও করা হবে। মাউশির মহাপরিচালক জানান, অভিযোগ ওঠার পর অধিদপ্তরের পরিচালকের (মাধ্যমিক) নেতৃত্বে তদন্ত করা হয়। তদন্তে অভিযোগ সত্য বলে প্রমাণিত হয়। এ ছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষকও একটি তদন্ত করে প্রতিবেদন দেন।শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সব ধরনের নির্যাতন বন্ধের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের আদেশ থাকলেও তা প্রায়ই লঙ্ঘিত হচ্ছে।