ছাত্র মৈত্রী নেতা দিলীপের মুক্তি দাবি অ্যামনেস্টির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেসবুকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার হওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক দিলীপ রায়ের মুক্তি দাবি করেছে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। গতকাল শনিবার অ্যামনেস্টির ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে দিলীপ রায়ের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও তাঁর নিঃশর্ত মুক্তি দাবি করা হয়েছে। এ ছাড়া ৫৭ ধারাসহ আন্তর্জাতিক মানবাধিকার নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক আইন বাতিল করার দাবি জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘ফেসবুকের দুটি পোস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ক্ষমতাসীন আওয়ামী লীগের সমালোচনা করায় পুলিশ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দিলীপ রায়কে আটক করেছে। পরবর্তী সময়ে তাঁর বিরুদ্ধে ছাত্রলীগের স্থানীয় এক নেতা ৫৭ ধারায় মামলা দায়ের করেন। এই আইনে কাউকে ১৪ বছর পর্যন্ত কারাবাস করতে হতে পারে। বিবৃতিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়ার পরিচালক চম্পা প্যাটেল বলেন, বাংলাদেশি কর্তৃপক্ষের ৫৭ ধারা বাতিল করা উচিত এবং শান্তিপূর্ণভাবে ভিন্নমত পোষণকারীদের এই আইনের দ্বারা হয়রানি ও হুমকি প্রদান বন্ধ করা উচিত। কোনো দেশে এই ধরনের দমন-পীড়নমূলক আইন থাকা উচিত নয়।