ছাত্র-শিক্ষক নির্যাতন দিবস পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানববন্ধন, শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘ছাত্র-শিক্ষক নির্যাতন’ দিবস পালিত হয়েছে। নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল বুধবার দিবসটি পালন করেন শিক্ষক-শিক্ষার্থীরা।
গতকাল দুপুর ১২টায় সিনেট ভবনে আলোচনা সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেখানে উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য দেন রাজশাহী-৩ আসনের সাংসদ আয়েন উদ্দিন, সহ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস প্রমুখ। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মু এন্তাজুল হক আলোচনা সভা সঞ্চালনা করেন।
এর আগে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের আয়োজনে সিনেট ভবনের সামনে মানববন্ধন হয়। এতে সাংসদ আয়েন উদ্দিন, সংগঠনের আহ্বায়ক অধ্যাপক রকীব আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে সকালে দিবসটি উপলক্ষে শোভাযাত্রা বের করে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট। পরে তা কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ২০ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্রদের সঙ্গে সেনা সদস্যদের সংঘর্ষ হয়। সে সময় রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আট শিক্ষক ও এক কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়। ওই সংঘর্ষে কয়েক শ লোক আহত হন। এরপর থেকে প্রতিবছর ২৪ আগস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘ছাত্র-শিক্ষক নির্যাতন’ দিবস পালন করা হয়।