ছাত্র-শিক্ষক রাজনীতি বন্ধের আহ্বান উপাচার্যদের
বিশ্ববিদ্যালয়ে ছাত্র ও শিক্ষক রাজনীতি বন্ধের আহ্বান জানিয়েছে স্বায়ত্তশাসিত ও সরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সংগঠন বিশ্ববিদ্যালয় পরিষদ।
রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে গতকাল রোববার পরিষদের সভায় ছাত্ররাজনীতি সহিংস রূপ নেওয়ায় উদ্বেগ প্রকাশ করে এই আহ্বান জানানো হয়।
সভায় সম্প্রতি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুটি হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন উপাচার্যরা। ছাত্ররা যেন বিপথগামী না হয়ে সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিজেদের ব্যস্ত রাখতে পারে, তাই দীর্ঘ নয় বছর পর পুনরায় আয়োজন করা হচ্ছে আন্তবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা। আর এ ধরনের সহিংসতা বন্ধের বিষয়ে করণীয় নির্ধারণে ২৬ এপ্রিল পুনরায় উপাচার্য পরিষদের সভা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় উপাচার্য পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক এস এম সাইফুদ্দীন প্রথম আলোকে বলেন, ‘আমরা অতি শিগগির একটি বৈঠকের আয়োজন করছি, যেখানে এ সহিংসতা বন্ধের ব্যাপারে আলোচনা করা হবে।’
বৈঠকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. রফিকুল হক বলেন, বর্তমান সরকারের সব উন্নয়ন ধামাচাপা দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক ছাত্রদের মাধ্যমে একের পর এক অপ্রীতিকর ঘটনা ঘটাচ্ছেন। তাই তিনি ছাত্র ও শিক্ষকদের রাজনীতি সাময়িকভাবে বন্ধ রাখার আহ্বান জানান। এ সময় তাঁর বক্তব্যের পক্ষে উপাচার্যদের কয়েকজন একমত প্রকাশ করেন।
বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি ও দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. রুহুল আমীন সাংবাদিকদের বলেন, ‘আমরা চাই শিক্ষার্থীরা যেন সহিংসতার পথ ছেড়ে সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিজেদের জড়িয়ে রাখে। তাই আন্তবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।’ বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম খায়রুল ইসলামসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও তাঁদের প্রতিনিধিরা বক্তব্য দেন।