ছাত্র-শিক্ষকের যুগলবন্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সত্য মঙ্গল প্রেমময় তুমি/ ধ্রুবজ্যোতি তুমি অন্ধকারে’ গানটি দিয়ে শুরু হয়েছিল অনুষ্ঠান। যাঁদের জন্য এই আয়োজন, তাঁরাও শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার কাজ করেছেন সারা জীবন। তার স্বীকৃতি হিসেবে এ বছর পেয়েছেন দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক ‘স্বাধীনতা পুরস্কার ২০১০’। এ দুই শিক্ষাব্রতী হলেন জিল্লুর রহমান সিদ্দিকী ও যতীন সরকার। স্বাধীনতা দিবস পদক পাওয়া উপলক্ষে গতকাল শনিবার বিকেলে তাঁদের সম্মাননা জানানো হলো গুলশান ক্লাবে। মূল আয়োজক ফাহমিদা খাতুন ও তপন ভট্টাচার্য, সার্বিক সমন্বয়ে ছিল পেপার রাইম।অনুষ্ঠানের শুরুতে দুই শিক্ষাবিদের প্রতি সম্মান দেখিয়ে দাঁড়িয়ে করতালি দিয়ে অভিনন্দন জানানো হয়। তাঁদের পরিচিতি পাঠ করেন তামান্না তিথি। এরপর আলোচনায় অংশ নেন আনিসুজ্জামান, দেলোয়ার হোসেন, মফিদুল হক, আতিউর রহমান, মামুন রশীদ ও মঞ্জুরুল আহসান।জিল্লুর রহমান সিদ্দিকী তাঁর অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘চেষ্টা করেছি নিজেকে ভালো কিছুর সঙ্গে যুক্ত রাখার। আর যত দিন আছি, সেই চেষ্টা অব্যাহত থাকবে। শেষ বয়সে এ পুরস্কার আমার অনুপ্রেরণা হয়ে রইল।’যতীন সরকার বলেন, ‘স্বাধীনতার সঙ্গে যুক্ত যে পদক, তা পেয়ে আমি গর্বিত। কিন্তু এমন অনেকেই আছেন আমার চেয়ে গুণী, যাঁরা এ পুরস্কার পাননি। তা ভেবে নিজেকে খুব অকিঞ্চিত্কর মনে হয়।’সম্মাননা প্রদান অনুষ্ঠানে তাঁদের উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। জিল্লুর রহমান সিদ্দিকী ছিলেন যতীন সরকারের সরাসরি শিক্ষক। গুণী শিক্ষক ও তাঁর কৃতী ছাত্রের এই অর্জন উভয়ের কাছেই ছিল গর্বের। গতকালের সম্মাননা ছাত্র-শিক্ষকের এই যুগলবন্দী অনুষ্ঠানেও ছিল ছাত্রের প্রতি শিক্ষকের ভালোবাসা এবং শিক্ষকের প্রতি ছাত্রের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ।ঢাকা আর্ট সেন্টারে ১০১ শিল্পীর প্রদর্শনীধানমন্ডি এলাকায় নবগঠিত ঢাকা আর্ট সেন্টারে পরিবেশটা মনোরম। গ্যালারির চারপাশে নানা জাতের গাছের সারিতে ছায়াময় উঠোন। গতকাল বিকেলে সেখানে সমবেত হয়েছিলেন শিল্পী ও শিল্পানুরাগীরা। উপলক্ষ ১০১ জন শিল্পীর দলীয় প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান।ঢাকা আর্ট সেন্টারের উদ্বোধন হয়েছিল গত ১ জানুয়ারি। তখন ১০১ জন প্রতিষ্ঠিত ও নবীন চিত্রশিল্পী অংশ নিয়েছিলেন দুই দিনের আর্ট ক্যাম্পে। সে ক্যাম্পে আঁকা ছবিগুলো নিয়েই শুরু হয়েছে ১০ দিনের প্রদর্শনী।পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বিকেলে প্রদর্শনীর উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন শিল্পী রফিকুন নবী ও এইচএসবিসি-বাংলাদেশের প্রধান নির্বাহী সঞ্জয় প্রকাশ। স্বাগত বক্তব্য দেন রামেন্দু মজুমদার।উদ্বোধনীতে বক্তারা বলেন, শিল্পকলা প্রগতি ও সুন্দরের পক্ষের শক্তি। নানা মাধ্যমের সৃজনশীল মানুষের মধ্যে যোগাযোগ সৃষ্টি এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্রে ঢাকা সেন্টার ভূমিকা রাখবে।সেন্টারের সব কক্ষে শিল্পকর্ম প্রদর্শন করা হয়েছে। শিল্পীদের মধ্যে ভারতের কে জি সুব্রামানিয়ানসহ সৈয়দ জাহাঙ্গীর, সমরজিত্ রায় চৌধুরী, হাশেম খান, রফিকুন নবী, হামিদুজ্জামান খান, আবুল বারক আলভী, মনিরুল ইসলাম, কালিদাস কর্মকার, শহীদ কবির শাহাবুদ্দীন, মোহাম্মদ ইউনুস, ফরিদা জামান, রোকেয়া সুলতানা, জামাল আহমেদ, নিসার হোসেন, শিশির ভট্টাচার্য, অলোকেশ ঘোষ, নাঈমা হক, ঢালি আল মামুন প্রমুখ।প্রদর্শনীতে উপস্থাপিত হয়েছে অ্যাক্রিলিক ও তেলরং মাধ্যমে আঁকা ১০১টি শিল্পকর্ম। চিত্রকর্মগুলো শিল্পীরা আর্ট ট্রাস্টের কর্মকাণ্ড পরিচালনায় সহায়তা করার জন্য অনুদান হিসেবে দিয়েছেন। এই প্রদর্শনীর মধ্য দিয়ে ঢাকা আর্ট সেন্টারের গ্যালারির কার্যক্রমও আনুষ্ঠানিকভাবে চালু হলো।