ছাত্র সংসদ নির্বাচন ছাড়া শিক্ষার পরিবেশ ঠিক হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সব বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ আজ বিঘ্নিত। ন্যায্য দাবি নিয়ে শিক্ষার্থীরা কথা বললে তাদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। শিক্ষকেরা গায়ে হাত তুলছেন। ছাত্র সংসদ নির্বাচন ছাড়া শিক্ষার পরিবেশ ঠিক হবে না।

গতকাল শুক্রবার রাজধানীর শাহবাগে এক সংহতি সমাবেশে বক্তারা এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে প্রগতিশীল ছাত্রজোট এই সমাবেশ করে।

সমাবেশ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও সুপ্রিম কোর্ট চত্বর থেকে ভাস্কর্য না সরানোর দাবিতে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে মামলা এবং সাত কলেজের আন্দোলনে ১ হাজার ২০০ শিক্ষার্থীর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারেরও দাবি জানানো হয়।

সমাবেশে ছাত্র ইউনিয়ন, ছাত্রফ্রন্ট, ছাত্র ফেডারেশন এবং ছাত্র ঐক্যের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন। নেতা–কর্মীরা প্ল্যাকার্ডে ‌‘অবিলম্বে ডাকসু চাই’, ‘ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে’, ‘আইন বিভাগে সান্ধ্যকোর্স বন্ধ কর’, ‘সান্ধ্যকোর্স নিয়মিত শিক্ষার মনোযোগ নষ্ট করে’ লেখা প্ল্যাকার্ড বহন করেন।

প্রগতিশীল ছাত্র জোটের সমন্বয়ক ইমরান হাবিব বলেন, বর্তমানে শিক্ষার্থীরা কোনো আন্দোলন করলেই তাদের মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। শিক্ষার্থীদের কথা বলার জন্য গণতান্ত্রিক জায়গা ছিল ছাত্র সংসদ। কিন্তু দীর্ঘ ২৭ বছর ধরে ডাকসু নির্বাচন না দিয়ে এই কর্তৃত্ববাদী আচরণ করা হচ্ছে।

সাবেক ছাত্রনেতা খালিদুজ্জামান বলেন, রাষ্ট্রের চরিত্র আর বিশ্ববিদ্যালয়ের চরিত্র মিলেমিশে একাকার হয়ে গেছে। ছাত্র জোটের আন্দোলনকে গুটি কয়েকের আন্দোলন বলা হয়। অথচ শত শত জনের নামে মামলা দেওয়া হয়।

ছাত্র ঐক্য ফোরামের যুগ্ম আহ্বায়ক সরকার আল ইমরান বলেন, ‘যাদের টাকা আছে তাদের শিক্ষা আছে আর যাদের টাকা নাই তাদের শিক্ষা নাই। শিক্ষার নামে প্রহসনকে ছাত্র আন্দোলনের মাধ্যমে ভেঙে দিতে হবে।’