সাংবাদিককে কুপিয়ে জখম, এএসপি লাঞ্ছিত
ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০
মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন কলেজের ছাত্র সংসদের নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। গতকাল বৃহস্পতিবার ক্যাম্পাসের বাইরে এ ঘটনা ঘটে। এতে সদর উপজেলা চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা, সাংবাদিকসহ কমপক্ষে ৩০ জন আহত হন। এ সময় একজন এএসপিকে লাঞ্ছিত করা হয়। এ সময় তিনটি মটরসাইকেল ভাঙচুর ও পুড়িয়ে দেওয়া হয়। প্রত্যক্ষদর্শী, পুলিশ, হাসপাতাল ও অন্যান্য সূত্রে জানা গেছে, এজেন্ট দেওয়া নিয়ে দুপুর ১২টা থেকে বেলা দুইটা পর্যন্ত নৌপরিহনমন্ত্রীর বাসভবনের সামনে দুই পক্ষের সমর্থকদের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়। এতে সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান খান শফিক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজল কৃষ্ণ দে, যুবলীগ নেতা এনায়েত হোসেন, ওই কলেজের সাবেক ভিপি মাসুদ পারভেজ, রুবেল হাওলাদার, ফোরকান মুন্সি, কামাল, রেজাউল, নান্নু মুন্সি ও শাহিন গুরুতর আহত হন। তাঁদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী সূত্রে আরও জানা গেছে, সংঘর্ষ চলাকালে মাই টিভির মাদারীপুর প্রতিনিধি মনির হোসেন বিলাসকে কুপিয়ে আহত করা হয় এবং তাঁর মটরসাইকেল ভাঙচুর ও ক্যামেরা ছিনিয়ে নিয়ে যায়। এ ছাড়া এ সময় দুটি মটরসাইকেল পুড়িয়ে ফেলা হয়। সংঘর্ষ চলাকালে অতিরিক্ত পুলিশ সুপার নাহিদুল ইসলামকে লাঞ্ছিত করা হয়। পুলিশ কয়েক ঘণ্টা চেষ্টার পর ১০ থেকে ১৫ রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।কলেজ সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার নাজিমউদ্দিন কলেজ ছাত্র সংসদের নির্বাচন হয়। এতে ছাত্রলীগের দুটি প্যানেল, ছাত্রদল ও ছাত্রশিবিরের একটি করে প্যানেল অংশ নেয়। পুলিশ সুপার সরদার তমিজউদ্দিন আহমেদ জানান, বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। অতিরিক্ত পুলিশ সুপার নাহিদুল ইসলামকে লাঞ্ছিত করার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। তিনি আরও জানান, বাইরে সংঘর্ষ হলেও কলেজ ক্যাম্পাসের ভেতরের পরিবেশ শান্তিপূর্ণ ছিল।