ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সঞ্চারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে গতকাল বৃহস্পতিবার অধ্যক্ষের কাছে সঞ্চারকলিপি দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। একই দাবিতে ছাত্রদলের পক্ষ থেকেও পৃথক একটি সঞ্চারকলিপি দেওয়া হয়েছে।
সাধারণ শিক্ষার্থীদের সঞ্চারকলিপিতে বলা হয়েছে, মেডিকেল কলেজে চার বছর ধরে দলীয় বিবেচনায় অনির্বাচিত ছাত্রকল্যাণ পরিষদ গঠন করা হয়েছে। তারা ছাত্র সংসদের ভূমিকায় রয়েছে, যা সম্পূর্ণ অগণতান্ত্রিক। এই দলীয় ছাত্রকল্যাণ পরিষদ সাধারণ শিক্ষার্থীদের কোনো কল্যাণে আসছে না। বর্তমানে ওই কল্যাণ পরিষদের মেয়াদও শেষ হয়ে গেছে। তার পরও সাধারণ শিক্ষার্থীদের মতামত উপেক্ষা করে সরকারদলীয় ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা কল্যাণ পরিষদের নামে সুযোগ-সুবিধা নিচ্ছেন। ছাত্রাবাসগুলোও তাঁরা নিয়ন্ত্রণ করছেন। এমন অবস্থায় কলেজের সাধারণ শিক্ষার্থীদের সরাসরি ভোটে ছাত্র সংসদ নির্বাচন হওয়া জরুরি।
৪০তম ব্যাচের শিক্ষার্থী রিয়াদুর রহমান বলেন, ‘দীর্ঘদিন ধরে নির্বাচিত ছাত্র সংসদ না থাকায় আমাদের দাবি তুলে ধরা সম্ভব হচ্ছে না।’
এদিকে কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জামশেদ আলী বলেন, ছাত্রলীগের নেতা-কর্মীদের নিয়ে অবৈধভাবে ছাত্রকল্যাণ পরিষদ গঠন করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ ওই কমিটির সদস্যরা সাধারণ শিক্ষার্থীর পক্ষে কোনো কথা বলেন না। তাঁরা নিজেদের মতো করে ছাত্র সংসদ ব্যবহার করছেন।
কলেজের অধ্যক্ষ মো. শহীদুল আলম বলেন, এ ব্যাপারে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে।