বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল এবং স্মারকলিপি দিয়েছে ছাত্রমৈত্রী। গতকাল শনিবার বিক্ষোভ মিছিল শেষে দুপুর ১২টায় কলেজের অধ্যক্ষ ননীগোপাল দাসের হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয়।বেলা সাড়ে ১১টায় কলেজ ক্যাম্পাসের জিরো পয়েন্টে একত্র হয়ে বাংলাদেশ ছাত্রমৈত্রীর নেতা-কর্মীরা সমাবেশ করেন। এরপর সেখান থেকে কলেজ ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার দাবি তোলেন তাঁরা। একপর্যায়ে তাঁরা কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন। দুপুর ১২টায় অধ্যক্ষের হাতে সঞ্চারকলিপি তুলে দেন তাঁরা। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ২০০৪ সালের পর কলেজে ছাত্র সংসদ নির্বাচন হয়নি। ছাত্রদের নির্বাচিত নেতৃত্ব না থাকায় শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ ব্যাহত হচ্ছে। কলেজ ক্যাম্পাসের আবাসিক হলগুলো একদলীয় রাজনীতির হাতে বন্দী। একই সঙ্গে নির্বাচিত পরিষদ না থাকায় সহশিক্ষা কার্যক্রম মুখ থুবড়ে পড়েছে। ছাত্র নেতৃত্বের বিকাশ হচ্ছে না। ফলে শিক্ষাঙ্গনে সন্ত্রাসের রাজত্ব কায়েম হচ্ছে। এ অবস্থার অবসান করতে হলে অনতিবিলম্বে কলেজে ছাত্র সংসদ নির্বাচন দেওয়া অত্যন্ত জরুরি। সমাবেশে উপস্থিত ছিলেন কলেজ ছাত্রমৈত্রীর সভাপতি শামিল শাহরোখ তমাল, জেলা সভাপতি সম্রাট মজুমদার, মহানগর সভাপতি অতুল দাস আলো, সাধারণ সম্পাদক মুনতাহা বিনতে নূর প্রমুখ।