ছাত্র সংসদ নেই, তবু ফি আদায়!
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ছাত্র সংসদ না থাকা সত্ত্বেও প্রতি ষাণ্মাসিক নিবন্ধনের (টার্ম রেজিস্ট্রেশন) সময় ছাত্র সংসদের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে নিয়মিত ফি নেওয়া হচ্ছে।সর্বশেষ চলতি মাসে বিভিন্ন বর্ষের নিবন্ধন করতে আগামী ছয় মাসের জন্য ছাত্র সংসদ ফি বাবদ মাথাপিছু ৯০ টাকা নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (চুটেকসু) সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘শিক্ষার্থীদের কাছ থেকে ছাত্র সংসদ ফি নেওয়া হয়, এটি সত্যি। ভবিষ্যতে আবার ছাত্র সংসদ গঠন করা হতে পারে। ওই সময় ছাত্র সংসদকে এ টাকাগুলো বণ্টন করে দেওয়া হবে।’বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, চুটেকসুর সর্বশেষ কমিটি গঠন করা হয়েছিল ২০০৫ সালে। কিন্তু ২০০৬ সালে ওই কমিটির মেয়াদ শেষ হওয়ার পর বিভিন্ন কারণে নতুন কমিটি গঠন করা হয়নি। ফলে ছয় বছর ধরে চুটেকসুর কার্যক্রম স্থবির হয়ে আছে। এ অবস্থায় বছরের পর বছর একটি অকার্যকর সংসদের জন্য ফি নেওয়া হচ্ছে।চুয়েটের চতুর্থ বর্ষের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী ইমরান হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর সাড়ে তিন বছর পার হয়েছে। এখনো ছাত্র সংসদ নির্বাচন কী, তা দেখলাম না। অথচ প্রতি টার্মেই ছাত্র সংসদের জন্য আমরা ফি দিয়ে যাচ্ছি।’