ছাত্র সংসদের কমিটি গঠন, ছাত্রলীগের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম সরকারি সিটি কলেজ
ফাইল ছবি

চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ছাত্র সংসদের এডহক কমিটি দেওয়াকে কেন্দ্র করে বিক্ষোভ করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত নেতা-কর্মীরা কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ করেন। এ সময় কলেজের অধ্যক্ষ সুদিপা দত্ত ও উপ-অধ্যক্ষ আবু মো. মেহেদী হাসানসহ আরও কয়েকজন শিক্ষক কলেজে ছিলেন।

কলেজের শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে দীর্ঘ ১৭ বছর পরে ছাত্র সংসদের কমিটি করা হয়েছে। মঙ্গলবার কলেজ কর্তৃপক্ষ দিবা ও বৈকালিক শাখা মিলিয়ে ২৯ জনের কমিটি ঘোষণা করে। পরে বিকেল থেকে কমিটিতে নাম না আসা নেতা-কর্মীরা কলেজে এসে অবস্থান নেন। রাত সাড়ে ১০ টায় অধ্যক্ষের আলোচনার আশ্বাসে তাঁরা কলেজ ত্যাগ করেন।

ছাত্রলীগের নেতা-কর্মীরা বলেন, দীর্ঘদিন পর ছাত্র সংসদের এডহক কমিটি দেওয়া হয়েছে। কিন্তু কমিটিতে তাঁদের অনেকেরই নাম নেই। অন্যদিকে অজনপ্রিয় শিক্ষার্থীদের কমিটিতে রেখেছে কলেজ কর্তৃপক্ষ। এ কারনে তাঁরা কমিটি বাতিল চেয়ে বিক্ষোভ করেছেন।

কলেজের উপ-অধ্যক্ষ আবু মো. মেহেদী হাসান প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন পর কমিটি হয়েছে। কমিটিতে অনেকের নামই আসেনি। এ কারণে তাঁরা ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ করেছেন। পরে আলোচনার আশ্বাসে শিক্ষার্থীরা সরে যান। বুধবার শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।