ছাত্র হত্যাকারীদের বিচারের দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসী হামলায় নিহত খুলনা বিএল কলেজের শিক্ষার্থী মনির হোসেনের খুনিদের বিচারের দাবিতে গতকাল বৃহস্পতিবার গোপালগঞ্জে শোক মিছিল ও মানববন্ধন হয়েছে। সকাল ১০টায় শহরের মোহাম্মদপাড়া থেকে এলাকাবাসী শোক মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে প্রেসক্লাবের সামনে গিয়ে মানববন্ধন করে। পাঁচ শতাধিক লোক হাতে হাত ধরে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধন করেন।বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিসংবলিত ফেস্টুন-ব্যানার নিয়ে মানববন্ধনে যোগ দেয়।গত ১১ নভেম্বর সকাল সাড়ে আটটার দিকে গোপালগঞ্জ শহরের মোহাম্মদপাড়ার একটি দোকানে নাশতা করার সময় কতিপয় যুবক মনিরকে পিটিয়ে মারাত্মক জখম করে। চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সে মারা যায়। এ ব্যাপারে গোপালগঞ্জ সদর থানায় নিহতের বাবা নজরুল ইসলাম ছয়জনকে আসামি করে একটি মামলা করেন।পুলিশ এ ঘটনায় গত মঙ্গলবার ফকরুল (৪০), পিকুল (৩০) ও প্রিন্স (২২) নামের তিনজনকে গ্রেপ্তার করেছে।